TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে কর্মস্থল থেকে ফেরার পথে আফগান আশ্রয়প্রার্থীর হামলায় প্রাণ গেল সহকর্মীর

ব্রিটেনের বার্মিংহামে পাকিস্তানে থাকা স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার সময় সাবেক সহকর্মীকে বারবার ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক আফগান আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে। আহমদ আলকোজাই (২৯) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ আনা হয়েছে। বুধবার বার্মিংহাম ক্রাউন কোর্টে বিচার চলাকালে এসব তথ্য তুলে ধরেন প্রসিকিউশন পক্ষ।

আদালতে বলা হয়, গত ৪ জুন স্পার্কব্রুক এলাকার ওয়ালফোর্ড রোডে মুহাম্মদ উমাইর (৩৯) নামের ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। হামলার আগে আলকোজাই স্মল হিথ এলাকার একটি বিএন্ডএম দোকান থেকে ছুরির একটি সেট কিনেছিলেন বলে অভিযোগ। হামলার অন্তত তিন ঘণ্টা আগে তিনি ছুরিগুলো কেনেন।

প্রসিকিউটর আমজাদ মালিক কেসি আদালতকে জানান, আলকোজাই কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় অপেক্ষা করছিলেন। তিনি জানতেন, উমাইর কাছের একটি গ্যারেজে কাজ শেষ করে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফিরবেন এবং একই পথ দিয়ে যাতায়াত করবেন।

আদালতে জুরিদের সামনে সিসিটিভি ফুটেজও দেখানো হয়। এতে দেখা যায়, উমাইর আবাসিক সড়ক ধরে হাঁটছিলেন এবং পাকিস্তানে থাকা স্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় তিনি বুঝতে পারেননি যে আলকোজাই তার পিছু নিয়েছেন।

ঘটনার সময় কাছাকাছি একটি গাড়িতে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, আলকোজাই অত্যন্ত আক্রমণাত্মকভাবে উমাইরকে বারবার ছুরিকাঘাত করেন। পরে একটি গাড়ির হর্ন বাজানোর কারণে হামলাকারী বাধাগ্রস্ত হন।

হামলার পর আলকোজাই ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে যান এবং পোশাক পরিবর্তন করেন। এরপর ৫০ পাউন্ড নগদ টাকা তুলে বার্মিংহামের ডিগবেথ এলাকার কোচ স্টেশনে যান। রাত ১০টা ১৫ মিনিটে ব্রিস্টলগামী একটি কোচে ওঠেন তিনি। পরদিন ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

আলকোজাই নিউটাউনের শ্যাডওয়েল স্ট্রিটের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও তিনি তা অস্বীকার করেছেন। তবে জনসমক্ষে ছুরি বহনের অভিযোগ স্বীকার করেছেন। বার্মিংহাম ক্রাউন কোর্টে মামলার বিচার চলমান রয়েছে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে আরও কঠোর ‘সু-চরিত্র’ নীতিঃ ছোট ভুলেও আবেদন বাতিলের ঝুঁকি

যুক্তরাজ্যে কাদের টিভি লাইসেন্সের টাকা পরিশোধ করতে হবে না

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতারণার আশঙ্কা

নিউজ ডেস্ক