TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে ঢাল হয়ে দাঁড়াবে চীনঃ রাষ্ট্রদূত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো পক্ষ হস্তক্ষেপ করলে চীন ঢালের মতো পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত ২০২৬ সালের ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন সমর্থন করে না। বাংলাদেশ নিজের জাতীয় বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় উন্নয়নের পথ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে দেশটির স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি চীনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। এসব খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে।

অন্যদিকে, অনুষ্ঠানে বাংলাদেশ চীনের প্রতি দেশে উৎপাদন ও শিল্প খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে। বিশেষ করে উৎপাদনমুখী শিল্পে চীনা বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও জোরালো কূটনৈতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরি করতে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক ভূমিকা রাখার বিষয়টিও দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।

সূত্রঃ বাসস\ইউএনবি

এমকে

আরো পড়ুন

বাংলাদেশের সংস্কারে দৃঢ় সমর্থন জাতিসংঘের

যেসব কারণে সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে আলী রীয়াজ

শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা