TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রিন্স উইলিয়াম ও কেটের বাড়িতে চুরির চেষ্টাঃ গ্রেপ্তার দুই আলবেনীয়

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের নরফোকের বাসভবন অ্যানমার হলে অনুপ্রবেশের ঘটনায় দুই আলবেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন ব্রিটেনে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেস।

গত সোমবার সন্ধ্যায় স্যান্ড্রিংহাম এস্টেটের ভেতরে অবস্থিত রাজকীয় এই বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। অভিযোগ রয়েছে, দুই ব্যক্তি বাড়ির নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করে সেখানে প্রবেশের চেষ্টা করেন।

প্রতিবেদন অনুযায়ী, অনুপ্রবেশকারীরা মুখোশ পরা ছিলেন। বাড়িটিতে সিসিটিভি, লেজার প্রযুক্তি এবং মাটিতে স্থাপিত বিশেষ সেন্সরসহ অত্যাধুনিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থা সক্রিয় হওয়ার পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সোমবার সন্ধ্যা ৬টার কিছু আগে সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। অভিযানে পুলিশ কুকুর ও ড্রোন ব্যবহার করা হয়। পাশাপাশি নটিংহামের একটি ঘাঁটি থেকে ইনফ্রারেড প্রযুক্তিতে সজ্জিত ন্যাশনাল পুলিশ এয়ার সার্ভিসের একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।

পরে এস্টেটের ভেতর থেকেই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। নরফোক পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তি বাড়িটি প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের বলে জানতেন না বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সুযোগসন্ধানী চুরির চেষ্টা হিসেবে বিবেচনা করা হলেও এর পেছনে আরও গুরুতর কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

২০১১ সালে বিয়ের পর রানি দ্বিতীয় এলিজাবেথ প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনকে উপহার হিসেবে অ্যানমার হল বাড়িটি দিয়েছিলেন। নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত এই বাড়িটি তাদের অবকাশযাপনের অন্যতম ঠিকানা। তবে বর্তমানে তাদের তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট ও প্রিন্স লুইসকে নিয়ে উইন্ডসরের ফরেস্ট লজে বসবাস করেন তারা।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ১৯৭৮–২০১০ সালের মধ্যে সন্তান জন্ম দেয়া অভিভাবকদের হাজার পাউন্ড পাওয়ার সুযোগ

যুক্তরাজ্যে ক্যান্সারের মৃত্যু হার প্রথম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশিঃগবেষণা

রমজানের আলোয় আলোকিত লন্ডন, ঐক্যের বার্তা মেয়রের