TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ২ লাখ ৫০ হাজার পরিবারকে পানির বিল পরিশোধে বিনামূল্যে ১০০ পাউন্ড সহায়তা

ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য পানির বিলে ১০০ পাউন্ড আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সেভার্ন ট্রেন্ট। নতুন এই কর্মসূচির আওতায় প্রায় ২ লাখ ৫০ হাজার পরিবার সহায়তা পাওয়ার সুযোগ পাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যেসব পরিবারের মোট বার্ষিক আয় ২৮ হাজার পাউন্ডের কম এবং যারা বর্তমানে সেভার্ন ট্রেন্টের অন্য কোনো আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধা পাচ্ছে না, তারা এই সহায়তার জন্য যোগ্য হতে পারে।

বিশেষ করে যেসব পরিবারের বার্ষিক আয় ২৪ হাজার ৪৫৪ থেকে ২৮ হাজার পাউন্ডের মধ্যে, তাদের লক্ষ্য করেই ‘হেল্পিং হ্যান্ড’ নামের এই নতুন কর্মসূচি চালু করা হচ্ছে।

ইতোমধ্যে যেসব পরিবারের আর্থিক অবস্থা ও যোগ্যতা সম্পর্কে সেভার্ন ট্রেন্টের কাছে তথ্য রয়েছে, তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ১০০ পাউন্ড জমা হবে। এ ক্ষেত্রে আলাদা করে আবেদন করার প্রয়োজন হবে না।

তবে যেসব পরিবার নিজেদের যোগ্য মনে করছে, কিন্তু প্রতিষ্ঠানটির কাছে তাদের তথ্য নেই, তারা সেভার্ন ট্রেন্টের ওয়েবসাইটে গিয়ে আগ্রহ প্রকাশের জন্য নিবন্ধন করতে পারবে। পরে প্রতিষ্ঠানটি যাচাই করে জানাবে তারা এই সহায়তা পাওয়ার যোগ্য কি না।

সেভার্ন ট্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস জেসিক বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অনেক পরিবারের বাজেটের ওপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে যেসব আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, কিছু পরিবার তার সামান্য বাইরে থাকায় কোনো সুবিধা পাচ্ছে না।

তিনি বলেন, আরও বেশি মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিদ্যমান কর্মসূচির পরিধি বাড়াচ্ছে, যাতে বিল পরিশোধের ক্ষেত্রে আর্থিক সংকটে থাকা পরিবারগুলো কিছুটা স্বস্তি পায়।

মোট ২ কোটি ৫০ লাখ পাউন্ডের এই সহায়তা কর্মসূচি ২০২৭ সালের এপ্রিলের শেষ পর্যন্ত চলবে। এর মাধ্যমে ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলে প্রায় ৯ লাখ ৫০ হাজার পরিবারকে বিভিন্ন ধরনের লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সেভার্ন ট্রেন্টের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, প্রতিষ্ঠানটির মুনাফাও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কর-পূর্ব মুনাফা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩১২ মিলিয়ন পাউন্ড হয়েছে। একই সময়ে সুদ ও কর দেওয়ার আগের মুনাফা ১৩ শতাংশ বেড়ে ৫২৮ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। রাজস্ব আয়ও ৭ শতাংশ বেড়ে ১ দশমিক ৫৪ বিলিয়ন পাউন্ড হয়েছে।

পানির বিলের পাশাপাশি ব্রিটেনের লাখ লাখ পরিবার বিদ্যুৎ ও জ্বালানি বিল পরিশোধেও ১০০ পাউন্ড করে সরকারি সহায়তা পেতে যাচ্ছে।

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, কাউন্সিল ট্যাক্সের এ থেকে ডি ব্যান্ডের অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার এই অর্থ পাওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি শুক্রবার থেকে এই অর্থ বিতরণ শুরু হওয়ার কথা।

পরিবারগুলোর স্থানীয় কাউন্সিলের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়ম বদলের বিরুদ্ধে লেবার এমপির সতর্কবার্তা

এআইকাণ্ডে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীর সনদ স্থগিত

যুক্তরাজ্যের নিউহামে মেয়র নির্বাচনে ফরহাদ হোসেনের জয়