TV3 BANGLA
বাংলাদেশ

মৌলভীবাজারে তুরস্কের ৩০০ মিলিয়ন ডলারের বিনিয়োগঃ ২০২৮ সালে উৎপাদনে যাচ্ছে ডেনিম কারখানা

মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো (আইএসকেও)। কারখানাটি চালু হলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত কারখানায় ডেনিম কাপড় উৎপাদনের পাশাপাশি একটি সমন্বিত সুতা উৎপাদন ইউনিটও স্থাপন করা হবে। সম্পূর্ণ রফতানিমুখী এই শিল্পপ্রতিষ্ঠানের মাসিক উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি মিটার। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।

বিনিয়োগের বিষয়টি নিয়ে বুধবার ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সানকো হোল্ডিংয়ের একটি প্রতিনিধিদল। বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বাংলাদেশে প্রস্তাবিত বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সানকো হোল্ডিংয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস। অন্যদিকে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জব্বার বৈঠকে অংশ নেন। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচিও উপস্থিত ছিলেন।

সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। ১৯০৪ সাল থেকে প্রতিষ্ঠানটি বস্ত্রশিল্পে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টির বেশি দেশে প্রতিষ্ঠানটির গ্রাহক রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিংয়ের প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব তাদের বিনিয়োগ পাইপলাইনে ছিল। নিয়মিত যোগাযোগ, অনুসরণ এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহকে বিনিয়োগের প্রতিশ্রুতির পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রেখেছে সংস্থাটি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সানকো হোল্ডিং ও ডিবিএল গ্রুপের এই যৌথ বিনিয়োগ বাংলাদেশের বস্ত্রশিল্পে নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে সুতা উৎপাদন থেকে শুরু করে ডেনিম কাপড় তৈরি পর্যন্ত সমন্বিত উৎপাদনব্যবস্থা গড়ে উঠলে দেশের বস্ত্রশিল্পের পশ্চাৎ-সংযোগ সক্ষমতা আরও শক্তিশালী হবে।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডেনিম রপ্তানির সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৮ সালে উৎপাদন শুরু হলে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পে তুরস্কের বিনিয়োগের একটি উল্লেখযোগ্য সংযোজন হবে এই কারখানা।

সূত্রঃ ইনভেস্ট বাংলাদেশ

এমকে

আরো পড়ুন

খালেদার ৪ মামলা স্থগিত

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন

‘পতনের আগেও ৬০ হাজার কোটি টাকা ছাপে আওয়ামী লীগ সরকার’

নিউজ ডেস্ক