TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বৃদ্ধা ক্রেতার পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন সিলেটি বংশোদ্ভূত সাহেদা

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের রচডেলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন সিলেটি বংশোদ্ভূত বাংলাদেশি নারী সাহেদা। স্বামী হারিয়ে শোকাহত এক বৃদ্ধা ক্রেতার পাশে দাঁড়ানো এবং নিয়মিত তার খোঁজখবর রাখার স্বীকৃতিস্বরূপ তিনি মনোনীত হয়েছেন ‘সার্ভিস সুপারস্টার অ্যাওয়ার্ড’-এর জন্য।

 

২০১২ সাল থেকে রচডেলের স্থানীয় আসদা সুপারমার্কেট শাখায় কাজ করছেন সাহেদা। সম্প্রতি ওই সুপারমার্কেটে আসা এক বৃদ্ধা ক্রেতার স্বামী মারা যাওয়ার পর তার দেখাশোনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন লন্ডনে বসবাসরত ওই নারীর মেয়ে। মায়ের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালে সাহেদা তাকে আশ্বস্ত করেন, ওই বৃদ্ধা যখনই সুপারমার্কেটে আসবেন, তিনি তার পাশে থাকবেন।

কথা অনুযায়ী, বৃদ্ধা সুপারমার্কেটে এলে সাহেদা তার জন্য বসার ব্যবস্থা করেন, যাতে কেনাকাটার পণ্য স্ক্যান ও প্যাকেট করার সময় তাকে দাঁড়িয়ে থাকতে না হয়। পাশাপাশি তার সঙ্গে সময় নিয়ে কথা বলেন এবং কঠিন সময়ে মানসিক সঙ্গ দেওয়ার চেষ্টা করেন।

সাহেদার এই আন্তরিকতায় মুগ্ধ হয়ে ওই বৃদ্ধা সুপারমার্কেটের ব্যবস্থাপনার কাছে তার প্রশংসা করেন। পরে আসদার কাস্টমার ম্যানেজার ডেভ জেফস তাকে স্বীকৃতির জন্য ‘সার্ভিস সুপারস্টার অ্যাওয়ার্ড’-এ মনোনীত করেন।

নিজের এই উদ্যোগের কারণ ব্যাখ্যা করে সাহেদা বলেন, তার নিজের মায়ের ক্ষেত্রেও তিনি এমন মানবিক আচরণই প্রত্যাশা করতেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার ও সদয় আচরণের জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না বলেও মন্তব্য করেন তিনি।

সাহেদার এই মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পেয়েছে। অনেকেই তার সহমর্মিতা এবং সমাজের প্রতি ইতিবাচক অবদানের প্রশংসা করেছেন। একজন বাংলাদেশি কর্মীর এমন উদ্যোগ রচডেলের স্থানীয় মানুষের কাছে বাংলাদেশি কমিউনিটির মানবিক ভূমিকার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

ব্রিটিশদের বিশেষ ভ্যাকসিন পাসপোর্ট!

অনলাইন ডেস্ক

২০২৬ সালে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ড্রাইভিং পরিবর্তনঃ ড্রাগ ড্রাইভ ও ড্রিঙ্ক-ড্রাইভ কঠোর হচ্ছে

নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক অধিবেশন শুরু