যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি ও ভুল অর্থ প্রদান ঠেকাতে লাখ লাখ পেনশনভোগী এবং সরকারি ভাতা গ্রহণকারীর ব্যাংক হিসাব যাচাইয়ের নতুন ক্ষমতা পাচ্ছে দেশটির কর্মসংস্থান ও পেনশন বিভাগ (ডিডব্লিউপি)। নতুন আইনের আওতায় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে এই নজরদারি চালানো হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারের নতুন এই উদ্যোগের আইনি ভিত্তি তৈরি হয়েছে ‘পাবলিক অথরিটিজ (ফ্রড, এরর অ্যান্ড রিকভারি) বিল’-এর মাধ্যমে। এর উদ্দেশ্য হলো, যারা সরকারি ভাতা পাওয়ার যোগ্য নন, তারা যেন অনিয়মিতভাবে সেই অর্থ গ্রহণ করতে না পারেন এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা যেন তাদের প্রাপ্য সুবিধা পান।
নতুন ব্যবস্থায় ডিডব্লিউপি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে ভাতা পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশক বা ‘এলিজিবিলিটি ইন্ডিকেটর’ সরবরাহ করবে। এসব নির্দেশকের ভিত্তিতে ব্যাংকগুলো তাদের কাছে থাকা হিসাবসংক্রান্ত তথ্য যাচাই করবে। কোনো হিসাব নির্ধারিত নির্দেশকের সঙ্গে মিলে গেলে সংশ্লিষ্ট ব্যাংক ডিডব্লিউপিকে তা জানাবে।
এই যাচাইয়ের আওতায় শুধু ভাতা গ্রহণকারীর নিজস্ব ব্যাংক হিসাব নয়, তার সঙ্গে যুক্ত অন্যান্য হিসাব এবং যৌথ ব্যাংক হিসাবও আসতে পারে। এমনকি কোনো ভাতা গ্রহণকারীর সঙ্গে যুক্ত থাকলেও সংশ্লিষ্ট হিসাবের মালিক নিজে ভাতা গ্রহণকারী না হতে পারেন।
নতুন নিয়মে নির্ধারিত শর্ত পূরণ হলে ব্যাংকগুলো ডিডব্লিউপিকে সীমিত কিছু তথ্য দিতে পারবে। এর মধ্যে রয়েছে ব্যাংক হিসাবের সব মালিকের নাম, সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব ও সংযুক্ত ব্যাংক হিসাবের বিবরণ, যৌথ হিসাবের তথ্য, অ্যাকাউন্ট নম্বর, সর্ট কোড এবং সংশ্লিষ্ট হিসাবগুলোতে কত অর্থ রয়েছে।
এ ছাড়া বিদেশে সম্পন্ন হওয়া লেনদেনের তারিখ সম্পর্কেও তথ্য দেওয়া হতে পারে।
তবে ডিডব্লিউপি সরাসরি কারও অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ করতে পারবে না। একইভাবে কোনো ব্যক্তির ব্যাংক হিসাবের লেনদেনও তাৎক্ষণিকভাবে দেখতে পারবে না।
নতুন ব্যবস্থায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের সম্পূর্ণ ব্যাংক স্টেটমেন্ট বা লেনদেনের বিস্তারিত বিবরণ ডিডব্লিউপিকে দিতে পারবে না। একজন ব্যক্তি কোথায় বা কীভাবে অর্থ ব্যয় করছেন, সেই তথ্যও সরবরাহ করা যাবে না।
এ ছাড়া রাজনৈতিক মতামত, ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত পটভূমিসংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং নির্দিষ্ট লেনদেনের স্থান প্রকাশ করা নিষিদ্ধ থাকবে। এসব বিধিনিষেধ লঙ্ঘন করে তথ্য সরবরাহ করলে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানার মুখে পড়তে হতে পারে।
ডিডব্লিউপি জানিয়েছে, ব্যাংক থেকে পাওয়া তথ্য শুধু ভাতা পাওয়ার যোগ্যতা যাচাই, ভুল অর্থ প্রদান শনাক্ত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অর্থ পরিশোধের বিষয়ে তদন্তের কাজে ব্যবহার করা যাবে।
তথ্য সুরক্ষা আইন লঙ্ঘন করে কোনো তথ্য চাওয়া যাবে না। কোনো ব্যক্তির ভাতা যাচাইয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই—এমন তথ্য ডিডব্লিউপির কাছে চলে এলে তাদের তথ্য ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী তা ধ্বংস করা হবে।
এ ছাড়া ডিডব্লিউপি ব্যাংকগুলোর সঙ্গে ভাতা গ্রহণকারীদের ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না।
নতুন ব্যবস্থায় ডিডব্লিউপি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আইন মেনে তথ্য সংগ্রহ ও ব্যবহার করছে কি না, তা পর্যালোচনা করবেন একজন স্বাধীন পর্যবেক্ষক। তার প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে।
সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট
এমকে

