13.2 C
London
February 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ২০২৬ সালে আইনি অনুমোদনঃ ওয়াইমো সেপ্টেম্বরেই লন্ডনে রোবোট্যাক্সি চালুতে আগ্রহী

যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রাইভারবিহীন গাড়ি প্রযুক্তি কোম্পানি ওয়াইমো ঘোষণা দিয়েছে, তারা এই বছরের সেপ্টেম্বর নাগাদ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাণিজ্যিক রোবোট্যাক্সি পরিষেবা চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে। যদিও সরকারি বিধিমালা পরিবর্তনের সময়সীমা ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ ধরা হয়েছে, কোম্পানিটি তার প্রযুক্তি ও পরিষেবা প্রস্তুতির গতি বাড়িয়েছে।

 

এপ্রিল মাসেই লন্ডনে একটি পাইলট বা পরীক্ষামূলক পরিষেবা চালু করতে যাচ্ছে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রতি লন্ডনের ট্রান্সপোর্ট মিউজিয়ামে তারা যুক্তরাজ্যে আনা তাদের জাগুয়ার গাড়ির বিশেষভাবে সজ্জিত রোবোট্যাক্সির বহর প্রদর্শন করে। বর্তমানে এই গাড়িগুলো নিরাপত্তা চালকের তত্ত্বাবধানে রাস্তার বিস্তারিত ম্যাপিং ও তথ্য সংগ্রহ করছে।

স্থানীয় পরিবহন মন্ত্রী লিলিয়ান গ্রিনউড বলেছেন, “প্যাসেঞ্জার পাইলট এবং প্রো-ইনোভেশন রেগুলেশনের মাধ্যমে আমরা ওয়াইমো ও অন্য অপারেটরদের সহায়তা করছি, যাতে ব্রিটিশ সড়কে স্ব-চালিত গাড়ি বাস্তবতা হয়ে ওঠে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, মানুষের চেয়ে ক্লান্তিহীন ও বিক্ষিপ্ততামুক্ত এই ড্রাইভারবিহীন যানবাহন শহরের রাস্তাকে আরও নিরাপদ করবে। তবে তিনি জোর দেন, হ্যাকিং ও সাইবার হুমকি থেকে সুরক্ষাসহ কঠোর নিরাপত্তা মানদণ্ড পূরণ সবার আগে জরুরি।

ওয়াইমো জানিয়েছে, তাদের যানবাহন লিডার, ভিশন, রাডার ও মাইক্রোফোন—এই চারটি সেন্সর সিস্টেমের সমন্বয়ে ৩৬০ ডিগ্রি, তিন ফুটবল মাঠ দূরত্ব পর্যন্ত এবং দুর্গম আবহাওয়ায়ও আশপাশের পরিস্থিতি বুঝতে পারে। গাড়ির বুটে থাকা একটি শক্তিশালী কম্পিউটার এই তথ্য বিশ্লেষণ করে বাস্তব সময়ে গাড়ি চালনার সিদ্ধান্ত নেয়। সেবা চালু হলে যাত্রীরা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকতে পারবেন, তবে শুরুতে বিমানবন্দরে ড্রপ-অফ সেবা থাকবে না। ভাড়া হবে প্রতিযোগিতামূলক তবে প্রিমিয়াম মডেলের এবং পিক-আপ আওয়ারে তা বেশি হবে।

যুক্তরাজ্য সরকার অনুমান করছে, স্বয়ংক্রিয় যানবাহন শিল্প ২০৩৫ সালের মধ্যে দেশের অর্থনীতিতে ৪২ বিলিয়ন পাউন্ড যোগ করে এবং প্রায় ৪০,০০০ নতুন চাকরি সৃষ্টি করতে পারে। ওয়াইমোর মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে (স্যান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসে) সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে তাদের গাড়ি ইতিমধ্যে ১৭৩ মিলিয়ন মাইল পথ পরিভ্রমণ করেছে। তবে গাড়ি অস্বাভাবিক আচরণ করে যাত্রী আটকে পড়ার মত কিছু দুর্ঘটনার কথাও জানা গেছে।

ওয়াইমোর এই পদক্ষেপে প্রতিযোগিতার মুখোমুখি হবে রাইড-হেইলিং জায়ান্ট উবার ও লিফট, যারা যুক্তরাজ্যে রোবোট্যাক্সি সেবা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। উল্লেখ্য, উবার ও লিফট চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডুর সাথে অংশীদারিত্ব করেছে, অন্যদিকে ওয়াইমো জাগুয়ার গাড়ি ব্যবহার করছে। আইনি অনুমোদন পেলেই লন্ডনের রাস্তায় শুরু হতে যাচ্ছে ড্রাইভারবিহীন ট্যাক্সির নতুন যুগ।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ভিন্ন নামে যুক্তরাজ্যে অ্যাপার্টমেন্ট কিনেছেন নেতানিয়াহুর পুত্র, কর ফাঁকির অভিযোগ

১৩৯ বছরে সবচেয়ে গরম জুন দেখল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে গ্রামীণ এলাকায় সিগন্যাল সংকট দূর করতে ভার্জিন মিডিয়া (O2)আনছে স্যাটেলাইট সংযোগ