TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসল্লিদের জন্য অজুর নতুন ব্যবস্থা, বছর শেষেই চালু হচ্ছে প্রকল্প

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর মুসলিম যাত্রীদের জন্য শৌচাগারের পাশে পৃথক অজুর ব্যবস্থা চালু করতে যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩ লাখ ডলার ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই ২০২৬ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। এটি সরকারি অর্থে নয়, বরং ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে নারী ও পুরুষদের জন্য পৃথক অজুর স্থান তৈরি করা হবে।

প্রকল্পের নথিতে বলা হয়েছে, অনেক মুসল্লি সাধারণ হাত ধোয়ার বেসিন ব্যবহার করে অজু করার সময় পা ধোয়ায় মেঝে ভিজে যায় এবং বেসিনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এই সমস্যা সমাধানে নিচু উচ্চতার বিশেষ অজু স্টেশন স্থাপন করা হচ্ছে, যাতে যাত্রীরা আরও নিরাপদ ও সুবিধাজনকভাবে অজু করতে পারেন।

ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে এই উদ্যোগকে নতুন সম্প্রসারণ হিসেবে দেখা হলেও, এখানে অজুর ব্যবস্থা একেবারেই নতুন নয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালে টার্মিনাল ডি-এর গেট D40-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যেই একই ধরনের অজুর ব্যবস্থা রয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থের নতুন প্রকল্পটি সেই সুবিধাকে আরও বিস্তৃত করবে, যাতে প্রতিদিনের বিপুলসংখ্যক আন্তর্জাতিক যাত্রীর ধর্মীয় প্রয়োজন মেটানো সহজ হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগ শুধু মুসলিম যাত্রীদের ধর্মীয় অনুশীলন সহজ করবে না, একই সঙ্গে শৌচাগারের পরিচ্ছন্নতা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্রঃ ফক্স নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে ১৮০ শতাংশ মুসলিম বিদ্বেষ বেড়েছে

ফিলিস্তিন ইস্যুতে গুগলের চাকরি ছাড়লেন ইহুদি তরুণী

“ফেসবুককে পতনের দিকে নিয়ে যাচ্ছে জাকারবার্গের অদক্ষ নেতৃত্ব”

অনলাইন ডেস্ক