লন্ডনের অন্যতম ব্যস্ত টিউব স্টেশন ক্যানারি ওয়ার্ফে জরুরি মেরামত কাজের কারণে আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত লিফট ব্যবহার করা যাবে না। পরিবহন কর্তৃপক্ষ ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) জানিয়েছে, এ সময়ে লিফটের ওপর নির্ভরশীল যাত্রীদের বিকল্প পথে যাতায়াত করতে হবে।
ক্যানারি ওয়ার্ফ স্টেশনের লিফট ব্যবহার করতে প্রয়োজন এমন যাত্রীদের জুবিলি লাইন ধরে ক্যানিং টাউন পর্যন্ত গিয়ে সেখান থেকে ডিএলআর ট্রেনে ক্যানারি ওয়ার্ফে যেতে হবে। স্ট্র্যাটফোর্ড ও ওয়েস্ট হ্যাম থেকেও সরাসরি ডিএলআর ব্যবহার করে ক্যানারি ওয়ার্ফে পৌঁছানো যাবে।
ক্যানারি ওয়ার্ফ থেকে যাত্রা করা যাত্রীরা ডিএলআর ধরে ক্যানিং টাউন গিয়ে সেখান থেকে জুবিলি লাইনে যাত্রা চালিয়ে যেতে পারবেন। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে টিএফএল।
ক্যানারি ওয়ার্ফ লন্ডন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের ১৪তম ব্যস্ততম স্টেশন। বছরে প্রায় ৩ কোটি ২১ লাখ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। একটি মাত্র লাইনের মাধ্যমে সেবা দেওয়া স্টেশনগুলোর মধ্যে এটিই লন্ডনের সবচেয়ে ব্যস্ত।
লন্ডনের বিভিন্ন টিউব স্টেশনকে ধাপে ধাপে লিফটের মাধ্যমে সবার জন্য সহজগম্য করার কাজ চলছে। বর্তমানে লন্ডন আন্ডারগ্রাউন্ডের ৯৫টি স্টেশনে লিফটের মাধ্যমে ধাপমুক্ত প্রবেশের সুবিধা রয়েছে, যা পুরো নেটওয়ার্কের প্রায় এক-তৃতীয়াংশ।
এদিকে, নর্দার্ন লাইনের বার্ন্ট ওক স্টেশনেও ধাপমুক্ত যাতায়াতের সুবিধা চালুর কাজ চলছে। এ কারণে ২৬ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত স্টেশনটি বন্ধ থাকার কথা রয়েছে।
এছাড়া লন্ডনের লেইটন স্টেশনেও একই ধরনের উন্নয়নকাজ চলছে। আগামী গ্রীষ্মের মধ্যে সেখানে বড় টিকিট হল, অতিরিক্ত টিকিট গেট, দুটি নতুন লিফট, দুটি সিঁড়ি এবং একটি ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্টেশনের উভয় প্ল্যাটফর্মেই ধাপমুক্ত যাতায়াতের সুবিধা তৈরি হবে।
সূত্রঃ মাই লন্ডন
এমকে

