TV3 BANGLA
ফিচার

এআইয়ের দাপটে হারিয়ে যাবে অধিকাংশ পেশা, টিকে থাকবে মাত্র চারটি—বললেন বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারে ভবিষ্যতে অধিকাংশ পেশার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। তবে প্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, চারটি পেশায় মানুষের প্রয়োজন দীর্ঘদিন বজায় থাকবে। সেগুলো হলো—কম্পিউটার কোডার, জীববিজ্ঞানী, জ্বালানি খাতের কর্মী এবং পেশাদার ক্রীড়াবিদ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ল্যাডবাইবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ২৫ জুন প্রকাশিত প্রতিবেদনটি ১০ আগস্ট হালনাগাদ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, বিল গেটস প্রথমে তিনটি পেশার কথা বলেছিলেন—কোডার, জীববিজ্ঞানী ও জ্বালানি খাতের কর্মী। পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি তালিকায় পেশাদার ক্রীড়াবিদদেরও যুক্ত করেন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফ্যালন’-এ কথা বলেন গেটস। সেখানে তিনি বলেন, বেসবলের মতো খেলা মানুষ কম্পিউটারকে খেলতে দেখতে চাইবে না। অর্থাৎ খেলাধুলার মতো কিছু ক্ষেত্রে মানুষের অংশগ্রহণ ও উপস্থিতি বজায় থাকবে।

তবে ভবিষ্যতে অধিকাংশ কাজেই মানুষের প্রয়োজন কমে যেতে পারে বলে মনে করেন তিনি। উপস্থাপক জিমি ফ্যালন যখন জানতে চান, ভবিষ্যতেও মানুষের প্রয়োজন থাকবে কি না, তখন গেটস বলেন, ‘অধিকাংশ কাজের জন্য নয়—সিদ্ধান্তটা আমরাই নেব।’

তার ভাষ্য অনুযায়ী, কিছু কাজ মানুষ নিজেদের জন্য সংরক্ষিত রাখবে। তবে পণ্য উৎপাদন, পরিবহন এবং খাদ্য উৎপাদনের মতো কাজ একসময় প্রযুক্তির মাধ্যমে প্রায় পুরোপুরি সমাধান করা সম্ভব হবে।

এর আগে এআইয়ের প্রভাব নিয়ে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেছিলেন, উৎপাদনশীলতা বাড়লে মানুষ আরও বেশি কাজ করতে পারবে। এতে কর্মীদের জন্য ছোট শ্রেণিকক্ষ, দীর্ঘ ছুটি কিংবা অন্য গুরুত্বপূর্ণ কাজে সময় দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে তার মতে, এআইয়ের কারণে পরিবর্তন এত দ্রুত ঘটছে কি না, সেটিই বড় প্রশ্ন। কারণ নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় না পেলে কর্মীরা সমস্যায় পড়তে পারেন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের চাকরির বাজারে এর প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলির এক গবেষণার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, গত বছর এআইয়ের প্রভাবে যুক্তরাজ্যে নিট কর্মসংস্থান ৮ শতাংশ কমেছে। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দেশটিতে এআইয়ের কারণে চাকরি হারানোর হার ছিল সবচেয়ে বেশি।

২০২৫ সালে প্রকাশিত মাইক্রোসফটের এক গবেষণায় এআইয়ের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ ৪০টি পেশার তালিকা তুলে ধরা হয়। এসব পেশায় এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ বেশি থাকায় কাজের ধরন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তবে মাইক্রোসফটের জ্যেষ্ঠ গবেষক কিরান টমলিনসন স্কাই নিউজকে স্পষ্ট করে বলেন, গবেষণাটির উদ্দেশ্য চাকরি কেড়ে নেওয়ার পূর্বাভাস দেওয়া নয়; বরং কোন কোন পেশায় এআই চ্যাটবট কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব, তা বিশ্লেষণ করা।

গবেষণায় এআইয়ের সঙ্গে কাজের সর্বোচ্চ সামঞ্জস্য থাকা পেশাগুলোর মধ্যে রয়েছে দোভাষী ও অনুবাদক, ইতিহাসবিদ, গণিতবিদ, প্রুফরিডার, স্বয়ংক্রিয় কোডিং-সংশ্লিষ্ট কর্মী, লেখক, পরিসংখ্যান সহকারী, বিক্রয় প্রতিনিধি, প্রযুক্তিগত লেখক ও সাংবাদিক।

তালিকায় দোভাষী ও অনুবাদক পেশায় এআইয়ের সঙ্গে কাজের সামঞ্জস্যের হার ৯৮ শতাংশ। ইতিহাসবিদ ও গণিতবিদদের ক্ষেত্রে ৯১ শতাংশ, প্রুফরিডারদের ৯১ শতাংশ, লেখক ও সাহিত্যিকদের ৮৫ শতাংশ এবং সাংবাদিকদের ক্ষেত্রে এই হার ৮১ শতাংশ।

সূত্রঃ ল্যাডবাইবল

এমকে

আরো পড়ুন

মোবাইল ইন্টারনেট গতিতে উগান্ডারও পেছনে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

৭২ বিলিয়ন ডলারের চুক্তিঃ নেটফ্লিক্সের ঝুলিতে ওয়ার্নার ব্রোসের স্ট্রিমিং সাম্রাজ্য

নিউজ ডেস্ক

ফ্রান্সের অ্যামবার গ্রামে বাড়ির দাম মাত্র ৮৬ পেনি! জনসংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ