23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের রাস্তায় ফিরছে ১৯৫০-৬০ দশকের ভিনটেজ বাসঃ ৩ অক্টোবর বিনামূল্যে চড়ার সুযোগ

লন্ডনে পুরোনো দিনের গণপরিবহনের স্মৃতি ফিরিয়ে আনতে বিশেষ আয়োজন করেছে লন্ডন বাস মিউজিয়াম। আগামী শনিবার, ৩ অক্টোবর ২০২৬, এক দিনের জন্য রাজধানীর রাস্তায় চলবে ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের একাধিক ভিনটেজ লাল বাস। এসব ঐতিহাসিক বাসে বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
রুট ১০৬ হেরিটেজ ডে উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিনটেজ বাসগুলো ফিন্সবারি পার্ক ইন্টারচেঞ্জ থেকে অ্যাশ গ্রোভ বাস গ্যারেজ পর্যন্ত দুই দিকেই চলাচল করবে।
এসব বাসে উঠতে আগাম কোনো বুকিংয়ের প্রয়োজন হবে না। নির্ধারিত স্টপেজে গিয়ে হাত দেখিয়ে বাস থামিয়ে সরাসরি ওঠা যাবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীরা ভাগ্যবান হলে পুরোনো দিনের ঐতিহ্যবাহী বাসের টিকিট সংগ্রহের সুযোগও পেতে পারেন।
রুট ১০৬-এর রয়েছে এক শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস। ১৯১৪ সালে এই রুটে বাস চলাচল শুরু হয়। তখন বাসটি কলনি হ্যাচ লেন থেকে লেটনস্টোন পর্যন্ত চলাচল করত এবং পথে মাসওয়েল হিল ও আর্চওয়েসহ বিভিন্ন এলাকা অতিক্রম করত।
সময়ের সঙ্গে রুটটির বিভিন্ন পরিবর্তন হলেও বর্তমানে ১০৬ নম্বর বাস ফিন্সবারি পার্ক, ক্ল্যাপটন পার্ক ও হ্যাকনি এলাকার সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছে।
হেরিটেজ ডে-তে চলাচলকারী বাসগুলোর বেশিরভাগই হবে ১৯৫০ ও ১৯৬০-এর দশকের বিখ্যাত রুটমাস্টার। পাশাপাশি থাকবে রুটমাস্টারের আগের প্রজন্মের আরটি-টাইপ বাস। ১৯৫০-এর দশকে আরটি-টাইপ বাস বিশ্বের সবচেয়ে বড় মানসম্মত বাসবহরের অংশ ছিল।
আয়োজনে কিছু তুলনামূলক আধুনিক এবং ব্যক্তিমালিকানাধীন ঐতিহাসিক বাসও অংশ নেবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ওপেন-প্ল্যাটফর্ম বাস, যেখানে পুরোনো দিনের পরিবহন ব্যবস্থার মতো একজন প্রকৃত কন্ডাক্টরও দায়িত্ব পালন করবেন।
তবে হেরিটেজ বাসের পাশাপাশি নিয়মিত ১০৬ নম্বর বাস সার্ভিসও স্বাভাবিকভাবে চলবে। নিয়মিত বাসে যাতায়াতের ক্ষেত্রে প্রচলিত ভাড়া প্রযোজ্য হবে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঐতিহাসিক বাসগুলো আধুনিক নিচু তলার বাস চালুর আগের সময়ের। ফলে এগুলোতে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হয়। এ কারণে হুইলচেয়ার এবং অধিকাংশ আধুনিক বেবি বাগি এসব বাসে নেওয়ার ব্যবস্থা নেই।
৩ অক্টোবরের আয়োজনের সঙ্গে একই দিনে অ্যাশ গ্রোভ বাস গ্যারেজের ৪৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
লন্ডন বাস মিউজিয়াম ঐতিহাসিক লন্ডন বাসের বড় সংগ্রহের জন্য পরিচিত। তাদের উদ্যোগে আয়োজিত এই বিশেষ দিনে শহরের রাস্তায় পুরোনো দিনের বাসগুলো চলাচলের পাশাপাশি যাত্রীদের জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগও রাখা হয়েছে।
সূত্রঃ সিক্রেট লন্ডন
এমকে

আরো পড়ুন

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সফল বোরিস জনসন

অনলাইন ডেস্ক

ইসরায়েলপন্থী লবির চাপে ইতিহাস বদলের অভিযোগ ব্রিটিশ মিউজিয়ামের বিরুদ্ধে

যুক্তরাজ্যের কিছু অংশে ভূমিকম্প