উত্তম চরিত্র, আমানতদারি, সত্যবাদিতা ও মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। একই সঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ এবং যুবসমাজকে দ্বীনের পথে পরিচালনায় সংগঠনের সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ার হলে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশনের সাধারণ সভা ও কাউন্সিল ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে গ্রেটার লন্ডন ডিভিশনের বিভিন্ন শাখার বিপুলসংখ্যক সদস্য ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম. এ. কাদির আল হাসান, কোষাধ্যক্ষ হাজী আবদুস সালাম এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কাউন্সিলর দেলওয়ার আলী।
সভায় সভাপতিত্ব করেন ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েছ উজ জামান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মাওলানা এম. এ. কুদ্দুছ।
সাধারণ সভার শুরুতে ডিভিশনের সাধারণ সম্পাদক মো. সদরুল ইসলাম বিগত মেয়াদের সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সংগঠনের আর্থিক কার্যক্রম এবং আয়-ব্যয়ের প্রতিবেদন তুলে ধরা হয়।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় বৃদ্ধি, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সভার আগে গ্রেটার লন্ডন ডিভিশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ডিভিশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখার ডেলিগেটদের অংশগ্রহণে ২০২৬ থেকে ২০২৯ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এম. এ. কাদির আল হাসান এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাজী আবদুস সালাম। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, জনাব বদরুল ইসলাম ও মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মো. আবদুল কাহহারকে সভাপতি, মো. সদরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মো. মুসলেহ উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন মাওলানা মো. আবদুল কুদ্দুছ, মো. বজলুর রহমান ও মো. নজরুল ইসলাম গজনভী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাউন্সিলর মো. সাঈদ আহমদ।
মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাসুম আহমদকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আবুল হাসানকে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, কাউন্সিলর মাওলানা ফয়সাল আহমদকে প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক, দেলওয়ার হুসাইনকে সমাজকল্যাণ সম্পাদক এবং কারি সুফিয়ান বিল্লাহকে মেম্বারশিপ সেক্রেটারি নির্বাচিত করা হয়।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মাওলানা আবু বকর সিদ্দিক, মো. আমজাদ হুসাইন, মো. আবদুস শহীদ ও মো. দিলওয়ার হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, একজন প্রকৃত সদস্যকে সর্বাগ্রে উত্তম চরিত্রের অধিকারী, আমানতদার, সত্যবাদী ও মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শুধু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকাই যথেষ্ট নয়; নিজের আমল-আখলাকের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে।
তিনি সদস্যদের হালাল খাদ্য ও হালাল উপার্জনের প্রতি যত্নশীল হওয়া, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুসরণ করা এবং মানুষের কাছে ইসলামের সত্য ও সুন্দর দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সমাজে মানুষের মধ্যে কোনো বিরোধ বা বিবাদ সৃষ্টি হলে একজন দাঈর দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধি না করে ন্যায়, প্রজ্ঞা, ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ও মীমাংসা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। দাওয়াত হতে হবে ভালোবাসা, হিকমত ও উত্তম চরিত্রের মাধ্যমে।
যুবসমাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, যুবসমাজ জাতি ও উম্মাহর ভবিষ্যৎ। তাই তরুণদের দ্বীনের সঙ্গে সম্পৃক্ত করা, তাদের সঠিক ইসলামী শিক্ষা দেওয়া এবং নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে একজন দাঈ ও আদর্শবান মুসলিম হিসেবে সমাজে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. কাদির আল হাসান, কোষাধ্যক্ষ হাজী আবদুস সালাম এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কাউন্সিলর দেলওয়ার আলী।
এ সময় উপস্থিত ছিলেন লতিফিয়া উলামা সোসাইটি ইউকের সভাপতি মাওলানা শেহাব উদ্দীন, আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, মো. বদরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আবদুল কাহহার এবং সেন্ট্রাল কাউন্সিল সদস্য মাওলানা আবদুল আউয়াল হেলাল।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মো. আবদুল জলিল, মাওলানা আবদুল বাছির, মাওলানা আবুল হাসান, হাফিজ আসাদ উদ্দিন, মো. রফিকুল ইসলাম, নূর হুসাইন ও কারি আবদুল মুহিতসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি আবদুল মুহিত। পরে আহমেদ নিয়াজ নাশিদ পরিবেশন করেন।
বক্তারা আনজুমানে আল ইসলাহর দাওয়াতি ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গ্রেটার লন্ডন ডিভিশনের বিভিন্ন শাখা থেকে বিপুলসংখ্যক সদস্য ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বক্তারা আগামী মেয়াদে আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার লন্ডন ডিভিশন ইসলামের শান্তি, সৌন্দর্য ও আদর্শ প্রচারের পাশাপাশি সমাজকল্যাণমূলক কার্যক্রমেও আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

