হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে–এর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ্ব বশির উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা বাংলাদেশ সময় সিলেটের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমত, শিক্ষা বিস্তার এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
প্রবাসে বসবাস করেও তিনি দেশ-বিদেশে ধর্মীয় শিক্ষা কার্যক্রম, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ছিলেন। তার প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিক নেতৃত্বগুণ কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে প্রশংসিত ছিল।
ধর্মীয় ও সামাজিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল সুদীর্ঘ ও নিবিড়। লন্ডনে দারুল হাদীস লাতিফিয়ার ট্রাস্টি হিসেবে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি আনজুমানে আল ইসলাহ ইউকের সাবেক সেক্রেটারি হিসেবে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করেন। তার ইন্তেকালে প্রবাসী সিলেটি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ (১৫ ফেব্রুয়ারি) বাদ এশা রাত ৮টায় সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুনাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দারুল হাদীস লাতিফিয়া (লন্ডন), আনজুমানে আল ইসলাহ ইউকে, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে এবং আল ইসলাহ ইয়ূথ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনগুলোর নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তা‘আলা যেন তার জীবনের সকল নেক আমল কবুল করেন, গুনাহসমূহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য সবরে জামিল কামনা করেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

