TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শিখ গণহত্যা ইস্যুতে যুক্তরাজ্যের লেবার পার্টিকে শিখদের আল্টিমেটাম

১৯৮৪ সালে ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ব্রিটেনের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে ব্রিটিশ শিখরা লেবার পার্টির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ৪৫০টিরও বেশি গুরুদোয়ারা ও শিখ সংগঠন লেবার নেতা স্যার কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছে—জুলাইয়ের মধ্যে বিচারপতি নেতৃত্বাধীন তদন্ত ঘোষণা না করলে আগস্ট থেকে লেবার এমপিদের শিখ কমিউনিটির অনুষ্ঠানগুলোতে নিষিদ্ধ করা হবে।

ট্রাফালগার স্কয়ারে গণহত্যার ৪১তম বার্ষিকীতে আয়োজিত এক সমাবেশে শিখ নেতারা এই ঘোষণা দেন। ২০১৪ সালে প্রকাশিত নথিতে দেখা যায়, অপারেশন ব্লু স্টার বিষয়ে থ্যাচার সরকার অবগত ছিল এবং এক ব্রিটিশ এসএএস অফিসার ভারতীয় সেনাবাহিনীকে পরামর্শ দিয়েছিলেন।

শিখ ফেডারেশন ইউকে জানিয়েছে, তারা এমন ১০৫টি পার্লামেন্টারি আসন চিহ্নিত করেছে যেখানে শিখ ভোট নির্ধারক ভূমিকা রাখতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ইলফোর্ড নর্থ ও সাউথ, বার্মিংহাম, উলভারহ্যাম্পটন ও ডার্বি।

সংগঠনটির নির্বাহী দাবিন্দারজিত সিং বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, আমরা ফল চাই। আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।” তিনি জানান, কিছু শিখ ভোটার ইতিমধ্যে রিফর্ম ইউকে’র দিকে ঝুঁকছেন। সম্প্রতি দুইজন শিখ প্রার্থী লন্ডনে রিফর্মের হয়ে নির্বাচনে অংশ নেন এবং এক সাবেক লেবার কাউন্সিল নেতা দল ত্যাগ করে রিফর্মে যোগ দেন।

ব্রিটিশ শিখদের মধ্যে ভারতের সংখ্যালঘু নীতির বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে, বিশেষ করে বিদেশে শিখদের ওপর নজরদারি এবং হুমকির অভিযোগ ঘিরে। এই প্রেক্ষাপটে শিখরা এখন রাজনৈতিক সমর্থন পুনর্বিন্যাসের হুমকি দিচ্ছে।

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইস্যুটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে, তবে তদন্তের বিষয়ে এখনো কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৩ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে অবৈধ প্রবেশে নাগরিকত্ব নয়—হোম অফিস নীতির বৈধতা যাচাই হবে আদালতে

যুক্তরাজ্যে “প্রাণঘাতী অ্যালার্জি ঝুঁকিতে ওয়েটরোজের রেডি ফুড”, ফেরত নেওয়ার নির্দেশ”

লন্ডনের কারাগার থেকে পালানো ব্রিটিশ সেনা ‘গোপন তথ্য দিয়েছে ইরানকে’