ব্রিটেনের সরকারি সংস্থা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের (ডিডব্লিউপি) কয়েকটি অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থাটির কম্পিউটার সিস্টেমে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সেবা অফলাইনে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ব্রিটিশ সরকার জানায়, ডিডব্লিউপির সিস্টেমে একটি সাইবার ঘটনা শনাক্ত হয়েছে। এর প্রভাব মোকাবিলায় কিছু অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে এ ঘটনায় নিয়মিত সামাজিক নিরাপত্তা ভাতা ও পেনশন পরিশোধে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে সরকার। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপকারভোগীরা তাদের ভাতা ও পেনশনের অর্থ পাবেন।
সরকারের একজন মুখপাত্র বলেন, সিস্টেমে সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডিডব্লিউপির কিছু অনলাইন সেবা বন্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং দ্রুত সেবাগুলো পুনরায় চালু করতে ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) ও সরকারি সাইবার কো-অর্ডিনেশন সেন্টারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব সেবাগুলো চালু করা এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যেসব গ্রাহকের প্রয়োজনীয় অনলাইন সেবা বর্তমানে পাওয়া যাচ্ছে না, তাদের পরে আবার চেষ্টা করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ডিডব্লিউপি কখনোই বার্তা পাঠিয়ে কারও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইবে না কিংবা কোনো লিংকে ক্লিক করতে বলবে না।
সাম্প্রতিক মাসগুলোতে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্বের ১৭৮টি বড় প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা এবং মাইক্রোসফটের বৈশ্বিক প্রযুক্তিগত বিপর্যয় উল্লেখযোগ্য।
এ ছাড়া ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটে সাইবার হামলার মাধ্যমে ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা অকার্যকর করার ঘটনাও সামনে এসেছে। এসব ঘটনার পর গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি সেবার সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্রঃ দ্য সান
এমকে

