TV3 BANGLA
Credit: Paul Grover
আন্তর্জাতিক

‘নাৎসি আমলের পর ইউরোপের সবচেয়ে বড় হুমকি মুসলিম ব্রাদারহুড’—ইরাকের আইএসবিরোধী লেখক

ইসলামিক স্টেটের (আইএস) নৃশংসতা ও অপরাধের তথ্য গোপনে প্রকাশ করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া ইরাকি ইতিহাসবিদ ড. ওমর মোহাম্মদ ইউরোপে মুসলিম ব্রাদারহুডের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, ইউরোপে উগ্র ইসলামপন্থী মতাদর্শের বিস্তার ঘটছে এবং মুসলিম ব্রাদারহুড এই প্রবণতার অন্যতম উৎস। সংগঠনটিকে ইউরোপের জন্য নাৎসি আমলের পর সবচেয়ে বিপজ্জনক হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ড. ওমর মোহাম্মদ ইরাকের মসুল শহরে আইএসের দখলদারত্বের সময় ‘মসুল আই’ নামে একটি ব্লগ পরিচালনা করতেন। নিজের পরিচয় গোপন রেখে তিনি আইএসের হত্যাকাণ্ড, নির্যাতন, প্রকাশ্যে শিরশ্ছেদ, অঙ্গচ্ছেদ এবং ধর্মীয় নিপীড়নের ঘটনাগুলো নথিবদ্ধ করতেন। তার প্রকাশিত তথ্য বিশ্বজুড়ে ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এমনকি আইএস যোদ্ধারাও তার ব্লগের তথ্য সম্পর্কে অবগত ছিল এবং তাকে হত্যার হুমকি দিত।

২০১৪ সালের জুনে আইএস ইরাকের গুরুত্বপূর্ণ শহর মসুল দখল করে। সে সময় ওমর মোহাম্মদ স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক ছিলেন। আইএস শহরটি দখলের পর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, আইন ও চারুকলার মতো বিষয়ে পাঠদান বন্ধ করে দেওয়া হয়। শিক্ষাবিদদের বাড়িতে পাঠানো হয় অথবা ধর্মীয় শিক্ষা কার্যক্রমে যুক্ত হতে বাধ্য করা হয়।

মসুলে আইএসের শাসনামলে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্মীয় নিপীড়ন এবং ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের ঘটনা ঘটে। শহরটির দখলের মাত্র দুই দিন পর সংগঠনটি প্রায় ১ হাজার ৭০০ বন্দি ইরাকি সেনাকে হত্যা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খ্রিষ্টানদের উচ্ছেদ এবং ইয়াজিদি নারী ও শিশুদের ওপর গণহত্যা, যৌন দাসত্ব ও নির্যাতনের ঘটনাও তুলে ধরেছেন ওমর।

এসব ঘটনার প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করতে তিনি ছদ্মবেশে শহরের বিভিন্ন এলাকায় ঘুরতেন। কখনো প্রতিবেশী, দোকানদার আবার কখনো আইএস সদস্যদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতেন। সন্দেহ এড়াতে দাড়ি রাখতেন এবং আইএসের অনুসারীদের মতো পোশাক পরতেন। সংগঠনটির ধর্মীয় বিধিবিধান সম্পর্কেও জ্ঞান অর্জন করেছিলেন, যাতে তল্লাশিচৌকিতে জিজ্ঞাসাবাদের মুখে পড়লে সন্দেহের বাইরে থাকতে পারেন।

তার ব্লগে প্রকাশিত তথ্যের মধ্যে এক সপ্তাহে চুরির অভিযোগে ৩১ জনের হাত কাটার সাজা এবং সমকামিতার অভিযোগে ২৪ ঘণ্টায় ১২ জনকে হত্যার মতো ঘটনাও ছিল।

২০১৫ সালের শেষ দিকে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় তিনি মসুল ছেড়ে তুরস্কে চলে যান। সেখান থেকেও আইএসের বিরুদ্ধে তথ্য প্রকাশ অব্যাহত রাখেন। ২০১৭ সালে ফ্রান্সে আশ্রয় পান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে উগ্রবাদবিরোধী বিষয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আইএসের বিরুদ্ধে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি ইউরোপে ইসলামপন্থী কট্টরপন্থার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ওমর মোহাম্মদ।

তার বক্তব্য, আইএসের অনেক ভয়ংকর অনুসারী মধ্যপ্রাচ্যে নয়, বরং নিজ নিজ দেশে উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হয়েছে। ব্রিটেনেও কয়েকটি উগ্রবাদী নেটওয়ার্ক নিষিদ্ধ করা হলেও মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ না করার সিদ্ধান্তকে তিনি ভুল বলে মনে করেন।

মুসলিম ব্রাদারহুড একটি আন্তর্জাতিক ইসলামপন্থী সংগঠন। সংগঠনটির মূল স্লোগান ‘ইসলামই সমাধান’। সংগঠনটি নিজেদের শান্তিপূর্ণ বলে দাবি করে। তবে ইউরোপে এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব এবং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করে, যেখানে মুসলিম ব্রাদারহুডের কথিত ‘ইসলামপন্থী অনুপ্রবেশমূলক কর্মকাণ্ড’ গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল করার ঝুঁকি তৈরি করতে পারে বলে অভিযোগ তোলা হয়।

২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন ব্রিটিশ সরকারও সংগঠনটিকে নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করেছিল। তবে নিষেধাজ্ঞা উল্টো নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে—এমন আশঙ্কায় তখন সেই পথে এগোয়নি সরকার। ওই সময়ের পর্যালোচনায় মুসলিম ব্রাদারহুডের কিছু অংশের সঙ্গে সহিংস উগ্রবাদের সম্পর্ককে অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছিল।

মোহাম্মদের দাবি, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মুসলিম ব্রাদারহুডের ভূমিকা রয়েছে। তার মতে, সংগঠনটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, ৭ অক্টোবর ২০২৩-এর পর ইউরোপে কট্টর ইসলামপন্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। গাজা ইস্যুতে উগ্র বামপন্থীদের সঙ্গে তাদের এক ধরনের রাজনৈতিক সমঝোতা বা জোট তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ওমর বলেন, ক্ষমতার বাইরে থাকাকালে সংগঠনটি উদারপন্থী রাজনৈতিক ভাষা ব্যবহার করলেও ক্ষমতায় গেলে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে।

তবে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে তার এসব বক্তব্য ও মূল্যায়ন তার ব্যক্তিগত অবস্থান হিসেবে তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। এগুলোকে সংগঠনটির বিরুদ্ধে প্রমাণিত অপরাধ বা ইউরোপীয় সরকারের সর্বসম্মত মূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই।

উল্লেখ্য, ওমর মোহাম্মদের নতুন বই Mosul Eye: A Scholar’s Clandestine War Against Isis প্রকাশ উপলক্ষে তিনি বর্তমানে বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন। বইটিতে আইএসের দখলদারত্বের সময় মসুলে তার গোপন তথ্য সংগ্রহ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সংগঠনটির নৃশংসতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

আবারও ইউরোপের দূর্বল দেশ হবার পথে জার্মানি

যাত্রীর প্রাণ বাঁচাতে বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইটের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

মার্কিনিরা মনে করছে, এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে