TV3 BANGLA
বাংলাদেশ

‘সিলিকন রিভার’ স্বপ্ন বাস্তবায়নঃ বাংলাদেশে গড়া হবে বিশ্বের ১২তম সেমিকন্ডাক্টর হাব

বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মে ২০২৬ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের রোডশোতে যুগান্তকারী কয়েকটি সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) নেতৃত্বে এই উদ্যোগ যৌথ গবেষণা, অ্যাডভান্সড প্যাকেজিং, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে।

বিএসআইএ-এর পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ গবেষণা, প্রযুক্তির বাণিজ্যিকীকরণ এবং মেধা সম্পদ উন্নয়নে কাজ করার ব্যাপারে সমঝোতা হয়েছে। বিশেষ করে অ্যাডভান্সড প্যাকেজিং প্রযুক্তিতে বাংলাদেশের প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য ‘হানা মাইক্রন’-এর মতো ওসাত কোম্পানির সঙ্গে সহযোগিতা পর্যালোচনা করা হয়েছে, যা সেমিকন্ডাক্টরের শেষ ধাপের উৎপাদন প্রক্রিয়ায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে।

বাংলাদেশের পক্ষে রোডশোতে ডাইনামিক সলিউশন ইনোভেটরস, আইটেস্ট বাংলাদেশ লিমিটেড, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেড, সিলিকনোভা লিমিটেড এবং উলকাসেমি প্রাইভেট লিমিটেড অংশগ্রহণ করে। এই প্রতিষ্ঠানগুলো কোরীয় অংশীদারদের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের বিষয়ে পৃথক আলোচনা চালায়।

এই রোডশো বাংলাদেশের উচ্চাভিলাষী ‘সিলিকন রিভার’ ভিশন বাস্তবায়নের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স ও কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিশ্বের ‘১২তম সেমিকন্ডাক্টর হাব’ হিসেবে গড়ে ওঠার দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করেছে।

আগামী জুলাই ২০২৬ সালে ঢাকায় আয়োজিতব্য ‘বিয়ার সামিট ২০২৬’-এ কোরীয় বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাই করা হবে। বিশেষজ্ঞদের মতে, এই সহযোগিতা বাংলাদেশকে শুধু সেমিকন্ডাক্টর খাতে আঞ্চলিক কেন্দ্র হিসেবেই গড়ে তুলবে না, বরং দেশীয় অর্থনীতিতে উচ্চ মূল্য সংযোজন ও কর্মসংস্থান সৃষ্টিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

সূত্রঃ বাসস

এম.কে

আরো পড়ুন

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হুমায়রা

বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট প্রেরণ শুরু