25.4 C
London
August 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সীমান্তে বিএসএফের হাতে কৃষক আটক, কিছুক্ষণ পর দুই ভারতীয়কে ধরে আনল বাংলাদেশিরা

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে জমিতে কৃষিকাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার কিছুক্ষণ পর সীমান্তবর্তী বাংলাদেশি স্থানীয়রা কৃষিকাজের সময় দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মো. আব্দুল মান্নান (৬০) সীমান্তের ১২৪/৩ নম্বর পিলারের কাছে নিজের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে ভারতের দিকে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের দাবি, ঘটনার প্রতিবাদে তারা সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশে নিয়ে আসেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির কাছে হস্তান্তর করা দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (৩৫)।

স্থানীয়দের দাবি, সীমান্তের কাছাকাছি কৃষিকাজের সময় তাদের আটক করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনগত প্রক্রিয়ার জন্য তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

একই ঘটনায় একদিকে বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ এবং অন্যদিকে দুই ভারতীয় নাগরিককে স্থানীয়দের ধরে বিজিবির কাছে হস্তান্তরের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

তবে আব্দুল মান্নানকে আটকের কারণ কী এবং তাকে বর্তমানে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। একইভাবে দুই ভারতীয় নাগরিকের আটকের পর তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে সাধারণত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। মেহেরপুরের ইছাখালী সীমান্তের সর্বশেষ ঘটনাতেও পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নজরে রেখেছেন স্থানীয়রা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানের জেএফ-১৭ বিক্রিতে বাঁধা দিচ্ছে

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের