TV3 BANGLA
আন্তর্জাতিক

সুইডেন হাসপাতালে ভুল ক্যানসার শনাক্তের মাশুলঃ অস্ত্রোপচারে পুরুষাঙ্গ, প্রোস্টেট অপসারণ

সুইডেনে হাসপাতালে ক্যানসার ভুলভাবে শনাক্ত করার কারণে এক রোগীর পুরুষাঙ্গ, প্রোস্টেট ও মূত্রথলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয়েছে। ভুল রোগ নির্ণয়ের ফলে ক্যানসার ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং পরবর্তী সময়ে চিকিৎসকদের জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে সুইডেনের স্কেভদে শহরের স্কারাবর্গ হাসপাতালে ওই ব্যক্তির প্রোস্টেট ক্যানসার শনাক্ত করা হয়। রোগীর টিস্যুর নমুনা পরীক্ষা করেছিলেন রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ইউনিল্যাবসের একজন প্যাথলজিস্ট। পরীক্ষার ফলাফলে প্রোস্টেট ক্যানসারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়েছিল।

তবে সাত মাস পর আরও পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, ওই ব্যক্তি আসলে স্কোয়ামাস সেল কার্সিনোমায় আক্রান্ত। এটি এক ধরনের ম্যালিগন্যান্ট টিউমার, যা ত্বকের উপরিভাগের কোষ থেকে তৈরি হয়।

ইউনিল্যাবসের বক্তব্য অনুযায়ী, ভুল রোগ নির্ণয়ের কারণে ক্যানসার ক্রমাগত বাড়তে থাকে। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় চিকিৎসকদের তার পুরুষাঙ্গ অপসারণ করতে হয়। একই সঙ্গে প্রোস্টেট ও মূত্রথলিও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের পর ওই ব্যক্তির প্রস্রাব ও মলত্যাগের স্বাভাবিক ব্যবস্থা আর নেই। এখন পেটের ওপর তৈরি করা পৃথক ছিদ্রের মাধ্যমে শরীর থেকে প্রস্রাব ও মল বের হয়।

প্রথম থেকেই সঠিক রোগ নির্ণয় করা গেলে এত বড় অস্ত্রোপচার এড়ানো সম্ভব হতো কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ইউনিল্যাবস। প্রতিষ্ঠানটির ভাষ্য, শুরুতেই রোগটি শনাক্ত হলে কী ধরনের চিকিৎসা দেওয়া যেত, তা স্পষ্ট নয়।

ইউনিল্যাবস স্বীকার করেছে, এ ঘটনায় রোগীর গুরুতর ক্ষতি হয়েছে এবং ক্ষতির ধরনকে স্থায়ী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ দক্ষতার ঘাটতি এ ঘটনার অন্যতম কারণ ছিল।

চলতি বছরের শুরুতে ঘটনাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর সুইডেনের রোগী-নিরাপত্তা আইন ‘লেক্স মারিয়া’ অনুযায়ী ইউনিল্যাবস দেশটির স্বাস্থ্য ও সমাজসেবা পরিদর্শন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, যুক্তরাজ্যেও ভুল ক্যানসার শনাক্তের কারণে দীর্ঘদিন অপ্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার অভিযোগ উঠেছে। ৪১ বছর বয়সী সাইমন পিয়ারসনকে সাত বছরেরও বেশি সময় আগে বিরল ও নিরাময়-অযোগ্য রক্তের ক্যানসার পলিসাইথেমিয়া ভেরায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পাশাপাশি তার হিমোক্রোমাটোসিস নামে একটি বংশগত রোগ রয়েছে বলেও বলা হয়।

এসব রোগের আশঙ্কায় তিনি ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে ৪২ বার রক্ত বের করার চিকিৎসা নেন। অথচ গত বছরের জুনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় একজন নার্সের সন্দেহের পর নতুন করে পরীক্ষা করা হলে জানা যায়, তার কোনো রোগই ছিল না।

পিয়ারসন জানিয়েছেন, চিকিৎসায় ভুলের কারণে তার শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করেছে, যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে ওই ৪২টি অপ্রয়োজনীয় চিকিৎসা এড়ানো সম্ভব হতো।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত জাপানের ফুজিসাওয়াঃ অভিবাসন বিতর্কে নতুন মাত্রা

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে মুসলিম শিক্ষককে মাথায় গুলি করে হত্যা

ক্যালিফোর্নিয়ায় সান্ধ্য আইন