যুক্তরাজ্যে মুসলিম পুরুষদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নারী পুলিশ কর্মকর্তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয় বিবেচনায় নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মুসলিম পরিবার ও মসজিদে দায়িত্ব পালনের সময় পোশাক, কথাবার্তা এবং নারী-পুরুষের পৃথক ব্যবহারের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের এই নির্দেশনা নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ব্রিটেনের ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) এবং কলেজ অব পুলিশিং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে পুলিশের কার্যকর যোগাযোগ ও দায়িত্ব পালনে সহায়তার জন্য একটি নির্দেশিকামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। ইসলাম, বৌদ্ধধর্ম, ইহুদি ধর্ম এবং ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়সহ মোট ২৩টি ধর্ম ও বিশ্বাস সম্পর্কে এতে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে মসজিদ কিংবা মুসলিম পরিবারের বাড়িতে যাওয়ার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের কয়েকটি বিষয় বিবেচনা করতে বলা হয়েছে। বিশেষ করে নারী ও পুরুষের জন্য আলাদা নির্ধারিত স্থানে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে শারীরিক যোগাযোগ ও মৌখিক কথোপকথনের ক্ষেত্রেও সাংস্কৃতিক বিষয়গুলো বিবেচনায় রাখতে বলা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কিছু পরিস্থিতিতে মুসলিম ব্যক্তির সঙ্গে একই লিঙ্গের কোনো পুলিশ কর্মকর্তার যোগাযোগ করাই বেশি উপযুক্ত হতে পারে। এ ছাড়া মুসলিম এলাকাগুলোতে পুলিশের দায়িত্ব পালনের সময় কুকুর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক অপরাধ বা অ্যান্টি-মুসলিম হেইটের ঘটনা রিপোর্ট করার বিষয়েও বিশেষ নির্দেশনা রয়েছে। তবে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধের ক্ষেত্রে একই ধরনের আলাদা নির্দেশনা না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
বৌদ্ধ মন্দিরে দায়িত্ব পালনের সময় নারী পুলিশ কর্মকর্তাদের শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থোডক্স ইহুদি উপাসনালয়ে নারী ও পুরুষের জন্য পৃথক নির্ধারিত স্থানে প্রবেশের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এই নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। তিনি সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, এটি পুলিশের প্রাতিষ্ঠানিক দ্বৈতনীতির আরও একটি উদাহরণ। তার মতে, পুরোনো ও নারী-পুরুষের সমতার পরিপন্থী সংস্কৃতিকে সন্তুষ্ট করতে পুলিশের অতিরিক্ত ছাড় দেওয়া উচিত নয়। আইনের সামনে সবাই সমান হলে এনপিসিসির উচিত এই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করা।
বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপও নির্দেশনাটির সমালোচনা করেছেন। তিনি বলেন, ধর্ম কিংবা গায়ের রঙের ভিত্তিতে পুলিশের কারও সঙ্গে ভিন্ন আচরণ করা উচিত নয়। পুলিশকে সবার সঙ্গে সমানভাবে আচরণ করতে হবে। তার ভাষায়, এ ধরনের নির্দেশনা পুলিশের কার্যক্রমের ক্ষতি করছে এবং এটি প্রত্যাহার করা প্রয়োজন।
অন্যদিকে, এনপিসিসির একজন মুখপাত্র জানিয়েছেন, ধর্ম, পটভূমি কিংবা বিশ্বাস নির্বিশেষে পুলিশ সবার নিরাপত্তা নিশ্চিত করে এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
তিনি বলেন, যুক্তরাজ্যের সমাজ ক্রমেই ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ হচ্ছে। বিভিন্ন সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের ধারণা দিতে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে। তবে ধর্মীয় বা সাংস্কৃতিক বিবেচনা কখনোই আইনের ঊর্ধ্বে নয় এবং পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারে না।
মুখপাত্র আরও বলেন, ২৩টি ধর্ম ও বিশ্বাসের ক্ষেত্রেই একই প্রক্রিয়া অনুসরণ করে নির্দেশনা তৈরি করা হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তোলা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ। এতে অপরাধের তথ্য জানানো, তদন্তে সহযোগিতা করা এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ আরও উৎসাহিত হবে।
সূত্রঃ জিবি নিউজ
এমকে

