TV3 BANGLA
বাংলাদেশ

দুবাই আদালতে আরাভ খানের বিরুদ্ধে রায় বহালঃ তিন মাসের কারাদণ্ড ও বহিষ্কারের আদেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ লেনদেনকে কেন্দ্র করে প্রতারণার মামলায় আরাভ খানের বিরুদ্ধে দেওয়া দণ্ড ও দেশ থেকে বহিষ্কারের আদেশ বহাল রেখেছেন আপিল আদালত। ২০২৬ সালের ২৮ এপ্রিল দেওয়া রায়ে চার আসামির করা আপিল খারিজ করে দেন আদালত।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, আরাভ খান নামে পরিচিত দুবাইভিত্তিক এই স্বর্ণ ব্যবসায়ীর প্রকৃত পরিচয় রাবিউল ইসলাম। ঢাকায় এক পুলিশ পরিদর্শককে হত্যার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ।

আদালতের নথি অনুযায়ী, চার ব্যক্তি ১০ লাখ ৯৭ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহাম মূল্যের একটি স্বর্ণ লেনদেনসংক্রান্ত প্রতারণার ঘটনায় জড়িত ছিলেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।

এ ঘটনায় চার আসামিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে তিন বছরের জন্য ওই সাজা স্থগিত রাখা হয়। একই সঙ্গে তাদের সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। আপিল আদালত আগের রায় ও বহিষ্কারের আদেশ বহাল রেখেছেন।

গালফ নিউজে’র হাতে আসা আদালতের ৩৪ পৃষ্ঠার আরবি নথিতে আপিলের রায়, শুনানির কার্যবিবরণী, আসামিপক্ষের ১১ পৃষ্ঠার লিখিত বক্তব্য, নোটারি করা আর্থিক সমঝোতা এবং আসামিদের পরিচয়পত্রের অনুলিপি রয়েছে।

নথিতে চতুর্থ আসামির নাম উল্লেখ করা হয়েছে আরাভ খান জাকির খান। তার জাতীয়তা ভারতীয় বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

এমকে

আরো পড়ুন

বৃষ্টিতে মন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম যেন চাকুরির জন্য গিয়েছিঃ বানিজ্য উপদেষ্টা

ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার সেমিনার বাতিলঃ বিকল্প আয়োজনেও অতিথিদের অনুপস্থিতি

দাবার বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের ৯ বছর বয়সী মুগ্ধ