TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সুয়েলা ব্রাভারম্যানের আমলে অভিবাসন ১০ লাখঃ লেবার সরকারের সময়ে নেমে এলো ৭৭ হাজারে

যুক্তরাজ্যে নিট অভিবাসন এক বছরে উল্লেখযোগ্যভাবে কমে ৭৭ হাজারে নেমে এসেছে। ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসের হিসাব অনুযায়ী, দেশটিতে নিট অভিবাসনের এই সংখ্যা ১৯৯৭ সালের পর সর্বনিম্ন। করোনা মহামারির সময়কাল বাদ দিলে এত কম অভিবাসন আর দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস)।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওএনএসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত ১২ মাসে যুক্তরাজ্যের নিট অভিবাসন ছিল ২ লাখ ৪ হাজার। ২০২২-২৩ সালে কনজারভেটিভ সরকারের আমলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৯ লাখ ৪৪ হাজারে। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুয়েলা ব্রাভারম্যান। বর্তমানে তিনি রিফর্ম ইউকে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা।

নতুন পরিসংখ্যান প্রকাশের পর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, কনজারভেটিভ সরকার যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল। তারা বারবার নিট অভিবাসন বছরে কয়েক দশ হাজারে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা প্রায় ১০ লাখে পৌঁছে যায়।

তিনি বলেন, বর্তমান সরকার অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে। কনজারভেটিভ সরকারের সময় সর্বোচ্চ পর্যায়ের তুলনায় নিট অভিবাসন ৯২ শতাংশ কমিয়ে ৭৭ হাজারে আনা হয়েছে।

শাবানা মাহমুদের ভাষ্য, দক্ষতা ও বেতনের যোগ্যতার শর্ত বাড়ানোর মাধ্যমে সরকার এখন প্রয়োজনীয় ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের আকৃষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা ঠেকানো এবং অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আশ্রয়প্রার্থীদের হোটেলে রাখার সংখ্যা সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে তা কমে প্রায় ১৩ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় কমেছে ৭৬ শতাংশ।

ওএনএসের তথ্য বলছে, যুক্তরাজ্যের বাইরে থেকে আসা অভিবাসীর সংখ্যা কমার পেছনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অভিবাসন কমে যাওয়ার বড় ভূমিকা রয়েছে। এ সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অভিবাসন এক লাখের বেশি কমেছে। অন্যদিকে যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার সংখ্যা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে প্রায় ৬ লাখ ৬১ হাজার মানুষ যুক্তরাজ্য ছেড়ে বিদেশে বসবাস করতে গেছেন। তাদের মধ্যে ২ লাখ ৯২ হাজার ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিক এবং ১ লাখ ২৪ হাজার ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিক।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে নির্ভরশীল সদস্যসহ মোট ২ লাখ ৩০ হাজার ওয়ার্ক ভিসা দেওয়া হয়েছে। ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা ৬৩ শতাংশ কম।

লিবারেল ডেমোক্র্যাট দলের অভিবাসনবিষয়ক মুখপাত্র পল কোহলার বলেন, ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন। তার মতে, ডেভিড ক্যামেরনের কয়েক দশ হাজারে অভিবাসন নামিয়ে আনার প্রতিশ্রুতির ১৬ বছর পরও ছয়জন প্রধানমন্ত্রী ও ১০ জন স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে অভিবাসনের সংখ্যায় বড় ধরনের ওঠানামা দেখা গেছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য বর্তমানে জনসংখ্যাগত ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতি ও সরকারি পরিষেবাগুলোর চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত অভিবাসন নীতি প্রয়োজন।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

ইউরোপ হতে ডিপোর্ট সহজ করতে যুক্তরাজ্যসহ ৪৬ দেশের রাজনৈতিক ঘোষণা

যুক্তরাজ্যে এযাবৎকালের উষ্ণতম দিনের পূর্বাভাস

যুক্তরাজ্যে লেবার পার্টিতে খোলা বিদ্রোহঃ ডানপন্থী নেতা স্ট্রিটিংয়ের চ্যালেঞ্জে সংকটে স্টারমার