স্কটল্যান্ডের কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কে চলমান ভয়াবহ দাবানল নতুন করে তীব্র আকার ধারণ করায় ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি অবস্থা ঘোষণা করেছে পুলিশ স্কটল্যান্ড। শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত নেথি ব্রিজ গ্রামের দিকে ছড়িয়ে পড়ায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ স্কটল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন এবং বাতাসের গতি বেড়ে যাওয়ায় দাবানল আরও অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। আগুন এখন স্ট্র্যাথস্পে এলাকার ছোট্ট গ্রাম নেথি ব্রিজের দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো গ্রাম খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নেথি ব্রিজের সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে ম্যাকডোনাল্ড অ্যাভিমোর রিসোর্টে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে গ্রামে প্রবেশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস (SFRS) জানিয়েছে, গত ১৫ জুলাই প্রথম দাবানলের খবর পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০০-এর বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সহায়তায় রয়েছে বিশেষায়িত দাবানল মোকাবিলা ইউনিট, দুর্গম এলাকায় চলাচলকারী অল-টেরেইন যান, আকাশ থেকে পানি নিক্ষেপকারী হেলিকপ্টার এবং বিভিন্ন সরকারি ও স্থানীয় অংশীদার সংস্থা।
পুলিশ স্কটল্যান্ডের সুপারিনটেনডেন্ট জুডি হিল বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগুন নেথি ব্রিজের দিকে ছড়িয়ে পড়ার স্পষ্ট লক্ষণ দেখা যাওয়ায় বাসিন্দাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এটি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক সময় হলেও সব সংস্থা সমন্বিতভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
স্কটিশ ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ অফিসার কেনি বারবার জানান, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া, প্রবল বাতাস এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় গাড়ি বা পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে পানি নিক্ষেপ এবং বিশেষ কৌশল ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
তিনি ফরেস্ট্রি অ্যান্ড ল্যান্ড স্কটল্যান্ড, কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ, স্থানীয় ভূমির মালিক, এস্টেট গেমকিপার এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সহযোগিতার প্রশংসা করে বলেন, তাদের স্থানীয় অভিজ্ঞতা ও সমন্বিত প্রচেষ্টা মানুষের জীবন, সম্পদ এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে কেয়ার্নগর্মস ন্যাশনাল পার্কের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন এলাকা, হাঁটার পথ ও ট্রেইল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গ্লেনমোর, লক মরলিচ, বাদাগুইশ, ওল্ড লগিং ওয়ে, কেয়ার্নগর্ম মাউন্টেন, নর্দার্ন কোরিজ, স্ট্র্যাথ নেথি এবং অ্যাবারনেথি ফরেস্টের বিভিন্ন পথ রয়েছে।
পুলিশ স্কটল্যান্ড সাধারণ মানুষ ও পর্যটকদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার এবং জরুরি সেবা সংস্থাগুলোর নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের সমন্বয়ে স্কটল্যান্ডের সাম্প্রতিক সময়ের অন্যতম জটিল দাবানলে পরিণত হয়েছে কেয়ার্নগর্মসের এই অগ্নিকাণ্ড। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও বিস্তীর্ণ বনাঞ্চল ও আবাসিক এলাকা ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট
এম.কে

