TV3 BANGLA
আন্তর্জাতিক

স্পেনে আফ্রিকা থেকে অভিবাসীর ঢলঃ পর্যটনকেন্দ্র টেনেরিফে নিরাপত্তা ও জনজীবন নিয়ে উদ্বেগ

স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ টেনেরিফে আফ্রিকা থেকে অনিয়মিত অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্বীপটির বিভিন্ন এলাকায় সহিংসতা, চুরি, রাস্তায় আবর্জনা ফেলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিপুলসংখ্যক অভিবাসীর জন্য আবাসন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর প্রায় ২৭ লাখ ব্রিটিশ পর্যটক টেনেরিফের সমুদ্রসৈকত, স্বচ্ছ পানি ও আগ্নেয়গিরির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান। তবে পর্যটকদের পাশাপাশি আফ্রিকা থেকে আসা বিপুলসংখ্যক অভিবাসীর উপস্থিতিও এখন দ্বীপটির বাস্তবতায় বড় বিষয় হয়ে উঠেছে।

সম্প্রতি জনপ্রিয় পর্যটন এলাকা লস ক্রিস্টিয়ানোস বন্দরে পর্যটকদের প্রমোদতরি ও তিমি দেখার নৌযানের পাশাপাশি আফ্রিকা থেকে আসা অভিবাসীবাহী কাঠের নৌকাও ভিড়েছে। আটলান্টিক মহাসাগরের প্রায় ১৮০ মাইল পথ পাড়ি দিয়ে এসব নৌকায় করে তারা দ্বীপটিতে পৌঁছাচ্ছেন। শুধু সোমবারই দুটি নৌকায় করে ১৮০ জন অভিবাসীকে বন্দরে নিয়ে আসা হয়।

অভিবাসীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে স্পেন সরকার দ্বীপটিতে দুটি নতুন অভ্যর্থনা ও প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনে কয়েক কোটি ইউরো ব্যয় করেছে। তবে এসব উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তাদের এলাকায় মারামারি, চুরি এবং আবর্জনা ফেলার ঘটনা বেড়েছে। তারা নিরাপত্তা জোরদার করতে আরও পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন।

টেনেরিফের প্রেসিডেন্ট রোসা দাভিলাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বীপের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠিক কতজন অভিবাসীকে রাখা হচ্ছে, দ্রুত সংখ্যা বাড়তে থাকায় তা জানা কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানিয়েছেন। অভিবাসীদের স্থানান্তর সম্পর্কে পর্যাপ্ত তথ্য না দেওয়ার জন্য মাদ্রিদ সরকারের সমালোচনাও করেছেন তিনি। পাশাপাশি আরও পুলিশ ও স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন।

লা লাগুনা শহরের উপকণ্ঠে অবস্থিত লাস রাইসেস অভিবাসী শিবিরটি আটটির বেশি ফুটবল মাঠের সমান জায়গাজুড়ে বিস্তৃত। সাবেক সামরিক জমিতে স্থাপিত এই শিবিরে একসঙ্গে প্রায় ছয় হাজার মানুষ থাকার ব্যবস্থা রয়েছে। ২০২১ সালে চালু হওয়ার পর থেকে এখানে ৫৪ হাজারের বেশি অভিবাসী অবস্থান করেছেন। কেন্দ্রটিতে প্রায় ৬০০ কর্মী কাজ করেন। অভিবাসীদের খাবার, চিকিৎসা, মানসিক স্বাস্থ্য সহায়তা, আইনি পরামর্শ, স্প্যানিশ ভাষা শিক্ষা এবং বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।

তবে কেন্দ্রটির আশপাশের বাসিন্দাদের অভিযোগ, এত বড় পরিসরে অভিবাসীদের আগমন সামলানোর মতো প্রস্তুতি তাদের এলাকায় নেই। নির্মাণশ্রমিক অ্যালেক্সিস নামের এক বাসিন্দা বলেন, মরক্কো ও সেনেগালসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের কারণে এলাকায় সহিংসতা ও চুরির সমস্যা তৈরি হয়েছে। তার ভাষায়, এত বিপুলসংখ্যক মানুষের আগমনে স্থানীয় এলাকা চাপের মুখে পড়েছে।

সোফিয়া নামের আরেক বাসিন্দা রাস্তায় মারামারি ও আবর্জনা ফেলে যাওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, রাতের বেলায় বাইরের কিছু পুরুষ গাড়ি নিয়ে এলাকায় আসে এবং শিবিরে থাকা নারীদের যৌনভাবে শোষণের চেষ্টা করে।

অন্যদিকে, শিবিরে থাকা অভিবাসীরাও বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে আসা লামিনো প্রায় এক সপ্তাহ ধরে লাস রাইসেসে অবস্থান করছেন। তিনি মাদ্রিদে গিয়ে কাজ খুঁজতে চান। তার অভিযোগ, শিবিরে অতিরিক্ত ভিড়, চুরি এবং প্রয়োজনীয় সেবা পেতে জটিলতা রয়েছে। তিনি জানান, একটি বাসায় ৩০০ জনের বেশি মানুষকে রাখা হয়েছিল এবং তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়েছে। দাঁতের চিকিৎসা, মনোরোগ বিশেষজ্ঞ ও সমাজকর্মীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগও চান তিনি।

এদিকে, লা লাগুনার সাবেক সামরিক ব্যারাক লাস কানতেরাস ২০২২ সাল থেকে বন্ধ থাকার পর গত মঙ্গলবার আবার অভিবাসীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষে কেন্দ্রটি পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ী হুয়ান কার্লোসের অভিযোগ, আগে কেন্দ্রটি চালু থাকার সময় মদ্যপান, মারামারি ও আবর্জনার সমস্যার কারণে তাকে নিজের অফিস অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল। তার ১৪ বছর বয়সী মেয়েকে স্কুল থেকে বাসে বাড়ি ফিরতে হয়। তাই মেয়েকে একা যাতায়াত করতে দেওয়া নিয়েও তিনি উদ্বিগ্ন।

তবে স্থানীয় সবাই অভিবাসীদের উপস্থিতিকে সমস্যা হিসেবে দেখছেন না। সাবেক সামরিক ব্যারাকের কাছে একটি বারের মালিক মারিয়া জানিয়েছেন, কিছু অভিবাসী তার বারে আসেন, কিন্তু তারা কোনো সমস্যা তৈরি করেননি। তার মতে, অভিবাসীদের সম্মান দিয়ে আচরণ করলে তারাও সম্মান দেখান।

দ্বীপটির দক্ষিণে গ্রানাদিয়া বন্দরের পাশে আরেকটি অস্থায়ী অভিবাসী কেন্দ্র চালু করা হয়েছে। কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে খোলার আগেই সেখানে প্রায় ৬০০ অভিবাসী পৌঁছেছেন। অন্যদিকে, নারী ও শিশুদের জন্য নির্ধারিত কাসা দে মাদ্রেস কেন্দ্রে গাম্বিয়া থেকে আসা ১৭ বছর বয়সী আয়েশা ও তার ৯ বছর বয়সী ভাই আলিউ তাদের বিপজ্জনক সমুদ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা জানান, নৌকায় করে গাম্বিয়া থেকে স্পেনে পৌঁছাতে তাদের ১১ দিন সময় লেগেছিল। যাত্রাপথে কয়েকবার তাদের মনে হয়েছিল, হয়তো আর বেঁচে ফেরা হবে না।

অভিবাসীদের এই ঢল টেনেরিফসহ ক্যানারি দ্বীপপুঞ্জের পর্যটনশিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপপুঞ্জের ছোট দ্বীপ এল হিয়েরোতে পর্যটকদের বুকিং বাতিলের খবরও পাওয়া গেছে। স্পেনের সংবাদমাধ্যম কানারিয়াস৭-কে পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছরের প্রথম তিন মাসের জন্য সেখানে হোটেল ও ভ্রমণসংক্রান্ত বুকিং অনুসন্ধান কার্যত থমকে রয়েছে।

তবে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন আশোটেল সতর্ক করেছে, অভিবাসন পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা দ্বীপটির পর্যটনশিল্পের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। তাদের মতে, ২০১১ সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর এল হিয়েরোর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরতে তিন বছর সময় লেগেছিল।

স্পেনে রোববার আঞ্চলিক নির্বাচনের আগে অভিবাসন ইস্যুটি রাজনৈতিক আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। স্থানীয় নেতারা মাদ্রিদ সরকারের কাছে আরও সহায়তা চাইছেন। অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলো সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি তুলেছে। এ পরিস্থিতিতে আফ্রিকা থেকে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অভিবাসীদের আগমন অব্যাহত রয়েছে, যা সামাল দিতে ক্যানারি দ্বীপপুঞ্জের সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তৈরি করছে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি

ইউরোপে সন্তানের জন্ম দিতে দুই ঘন্টা সাঁতার কেটেছিলেন এক গর্ভবতী মা

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতরঃ ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালি ঘিরে নতুন সংকট