19.2 C
London
October 1, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকাঃ গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ বিদ্যুৎমন্ত্রীর

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অস্বাভাবিক এই বিলের ঘটনায় ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুনকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের এই বিদ্যুৎ বিল ইস্যু করা হয়। বিলের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তার বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। এই পরিমাণ ব্যবহারের বিপরীতে প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।

কিন্তু বিলের ডিমান্ড চার্জের ঘরে অস্বাভাবিকভাবে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা দেখানো হয়। এর সঙ্গে ভ্যাট ও মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় মিটারের সিল নম্বরের অঙ্ক ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এই অস্বাভাবিক বিল তৈরি হয়। অর্থাৎ এটি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে নয়, বিল তৈরির তথ্য এন্ট্রির ভুলের ফল।

বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিলটি সংশোধন করে। সংশোধিত হিসাবে ২৩৫ ইউনিট ব্যবহারের জন্য নির্ধারিত ১ হাজার ৯৬৩ টাকা বিল পরিশোধ করেন আলেয়া খাতুন।

ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি নিজেই ভুক্তভোগী আলেয়া খাতুনকে ফোন করে তার ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট আরও কর্মকর্তাদের বিরুদ্ধেও কারণ দর্শানোর নোটিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের এই ভুলের কারণে একজন সাধারণ গ্রাহকের নামে কয়েকশ কোটি টাকার বিল তৈরি হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দায় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।

সূত্রঃ প্রথম আলো\ দ্য ইত্তেফাক\ বিডিনিউজ২৪

এমকে

আরো পড়ুন

কবে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসকে আলিঙ্গন করলেন পিটার হাস

সময় টিভির অফিসে উত্তেজনা