24.3 C
London
May 29, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অতিরিক্ত গরমে বিপর্যস্ত যুক্তরাজ্যঃ ওল্ডহ্যামে ময়লা সংগ্রহ বন্ধ হয়ে ভোগান্তিতে বাসিন্দারা

যুক্তরাজ্যে চলমান তাপপ্রবাহের প্রভাবে এবার ব্যাহত হয়েছে স্থানীয় বর্জ্য সংগ্রহ কার্যক্রম। অতিরিক্ত গরমের কারণে ইংল্যান্ডের ওল্ডহ্যাম এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী ময়লা-আবর্জনা সংগ্রহ করতে পারেনি কাউন্সিলের কর্মীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার ওল্ডহ্যামে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। অস্বাভাবিক এই গরমে বর্জ্য সংগ্রহকারী দলগুলো স্বাভাবিক গতিতে কাজ করতে না পারায় বিভিন্ন এলাকায় বিন পড়ে থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি।

ওল্ডহ্যাম কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, পুরো সপ্তাহজুড়ে তাদের কর্মীরা নিয়মিত রুটে কাজ চালিয়ে গেলেও মঙ্গলবারের তীব্র গরম পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে।

তিনি বলেন, “আমাদের সংগ্রহকারী দল ৩৪ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কাজ করেছে। তবে অতিরিক্ত গরমের কারণে তাদের স্বাভাবিক গতিতে কাজ করা সম্ভব হয়নি, ফলে কিছু বিলম্ব হয়েছে।”

কাউন্সিল জানিয়েছে, হারানো সময় পুষিয়ে নিতে কর্মীরা দ্রুত কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব বাকি থাকা বিন সংগ্রহ সম্পন্ন করার চেষ্টা চলছে।

এদিকে কাউন্সিলর গার্থ হার্কনেস ফেসবুকে দেওয়া এক হালনাগাদ বার্তায় জানান, যেসব ধূসর, নীল ও বাদামি বিন মঙ্গলবার সংগ্রহ করা যায়নি, সেগুলো বুধবার সংগ্রহ করা হবে।

তবে সবুজ বিন ও খাবারের বর্জ্যের কনটেইনারগুলো পরবর্তী নির্ধারিত সংগ্রহ দিবসে অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

গ্রামীণ ও দুর্গম এলাকাগুলোতেও সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। ছোট সাদা ভ্যানের মাধ্যমে যেসব এলাকায় বর্জ্য সংগ্রহ করা হয়, সেসব স্থানের বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কাউন্সিল।

স্থানীয়দের অভিযোগ, সামান্য তাপপ্রবাহেই যুক্তরাজ্যের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সম্প্রতি অতিরিক্ত গরমের কারণে ট্রেন চলাচল, স্বাস্থ্যসেবা এবং স্কুল কার্যক্রমেও বিঘ্নের খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন তাপমাত্রা ক্রমেই বাড়ছে। কিন্তু দেশটির অনেক স্থানীয় কর্তৃপক্ষ এখনো এমন পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্রঃ দ্য ওল্ডহ্যাম টাইমস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাবা-চাচা ও সৎ মা মিলে ১০ বছরের শিশুকে হত্যা

প্রপার্টি বিক্রয়ের উপর ট্যাক্স

যুক্তরাজ্যে ক্যানারি ওয়ার্ফে তরুণী ধর্ষণের অভিযোগে পুলিশি তদন্ত শুরু