TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আমদানিকৃত ডিমে সালমোনেলা আতঙ্ক, যুক্তরাজ্যে ১ জনের মৃত্যুঃ আক্রান্ত ২০৭

যুক্তরাজ্যজুড়ে সালমোনেলার এক বড় প্রাদুর্ভাবে একজনের মৃত্যু হয়েছে এবং একই ধরনের সালমোনেলার জীবাণুতে ২০৭ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে দেখা গেছে, দেশের বাইরে থেকে আমদানি করা ডিম ব্যবহারকারী কিছু খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে এই সংক্রমণের যোগসূত্র রয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (UKHSA) জানিয়েছে, ২০২৫ সালের ১১ আগস্ট থেকে ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। জিনগত বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, এটি একটি একক জীবাণু-গুচ্ছের কারণে সারা দেশে ছড়িয়েছে এবং এর সঙ্গে ২০২৫ সালের আরেকটি আমদানিকৃত ডিম-সংশ্লিষ্ট প্রাদুর্ভাবেরও মিল রয়েছে।

মোট আক্রান্তের মধ্যে ১৯৯ জন ইংল্যান্ডে, ৬ জন স্কটল্যান্ডে, ১ জন ওয়েলসে এবং ১ জন উত্তর আয়ারল্যান্ডে শনাক্ত হয়েছেন। ইংল্যান্ডে সবচেয়ে বেশি আক্রান্ত লন্ডনে ৪৭ জন এবং ইয়র্কশায়ার ও হাম্বার অঞ্চলে ৩৮ জন। আক্রান্তদের মধ্যে শিশু থেকে শুরু করে ৯০ বছর বয়সী প্রবীণও রয়েছেন।

এই প্রাদুর্ভাবে আক্রান্তদের প্রায় ৩৮ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুইজনের ক্ষেত্রে সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ে গুরুতর জটিলতা তৈরি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে UKHSA।

তদন্তে দেখা গেছে, অনেক আক্রান্ত ব্যক্তি রেস্তোরাঁ, ক্যাফে ও ক্যাটারিং প্রতিষ্ঠানে খাবার খেয়েছিলেন। অন্তত পাঁচটি খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে ২৪টি সংক্রমণের যোগসূত্র পাওয়া গেছে। বিভিন্ন উৎস থেকে ডিম সংগ্রহ করা হওয়ায় সরবরাহ শৃঙ্খলের কোথাও দূষণ বা ক্রস-কন্টামিনেশনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

UKHSA এবং খাদ্য মান সংস্থা (FSA) জানিয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে উৎপাদিত ডিম বা দেশীয় পোলট্রির সঙ্গে এই প্রাদুর্ভাবের কোনো প্রমাণিত সম্পর্ক পাওয়া যায়নি। ব্রিটিশ এগ ইন্ডাস্ট্রি কাউন্সিলও জানিয়েছে, দেশীয় মুরগিকে বাধ্যতামূলকভাবে সালমোনেলার বিরুদ্ধে টিকা দেওয়া হয়, যদিও আমদানিকৃত ডিমের নিরাপত্তা নিয়ে আরও কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে।

সালমোনেলা সংক্রমণের লক্ষণ সাধারণত দূষিত খাবার খাওয়ার ১২ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেখা দেয়। এর মধ্যে রয়েছে ডায়রিয়া, তীব্র পেটব্যথা, বমি এবং জ্বর। অধিকাংশ মানুষ কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, তবে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের ক্ষেত্রে সংক্রমণ প্রাণঘাতী হতে পারে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে ডিম ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খাওয়া, রান্নার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা এবং গুরুতর বা দীর্ঘস্থায়ী উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডিমের উৎস যাচাই এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঘানার ছাত্রদের বিপদঃ বকেয়া ফি ও সহায়তার অভাবে বহিষ্কারের শঙ্কা

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সফল বোরিস জনসন

অনলাইন ডেস্ক

আবারও অ্যাম্বুলেন্স ধর্মঘট: শঙ্কিত এনএইচএস