ইংল্যান্ডে অসুস্থতার কারণে কর্মস্থল থেকে ছুটি নেওয়ার জন্য ব্যবহৃত ‘সিক নোট’ বা ‘ফিট নোট’ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই সংস্কারের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যগত কারণে দীর্ঘ সময় কর্মবিরতিতে থাকা এবং সরকারি ভাতা গ্রহণকারী মানুষের সংখ্যা কমিয়ে তাদের উপযুক্ত সহায়তার মাধ্যমে আবার কর্মসংস্থানে ফিরিয়ে আনা।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের সরকারি ভাতা গ্রহণ করছেন। গত বছর চিকিৎসকেরা ১ কোটি ১০ লাখেরও বেশি ফিট নোট ইস্যু করেছেন। এই প্রেক্ষাপটে বিদ্যমান ব্যবস্থা পুনর্বিবেচনা করে নতুন পরীক্ষামূলক কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুলাই মাস থেকে ইংল্যান্ডের চারটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হবে। বার্মিংহাম ও সোলিহাল এলাকায় প্রয়োজনে চিকিৎসক প্রথম ফিট নোট ইস্যু করবেন। এরপর সংশ্লিষ্ট রোগীদের সামাজিক সহায়তা পরামর্শক, কর্মসংস্থান ও স্বাস্থ্য প্রশিক্ষকসহ প্রধানত অ-চিকিৎসাকর্মীদের পরিচালিত একটি সহায়তা সেবায় পাঠানো হবে।
কভেন্ট্রি ও ওয়ারউইকশায়ারে চিকিৎসকেরা প্রথম ফিট নোট দেওয়ার পর রোগীদের চিকিৎসা ও অ-চিকিৎসা—উভয় ধরনের বিশেষজ্ঞ নিয়ে গঠিত সহায়তা সেবায় পাঠাতে পারবেন।
অন্যদিকে কর্নওয়াল ও আইলস অব সিলি এলাকায় চিকিৎসকেরা ফিট নোট ইস্যু না করে সরাসরি রোগীদের অ-চিকিৎসাকর্মীদের পরিচালিত সহায়তা সেবায় পাঠাবেন। একইভাবে ল্যাঙ্কাশায়ার ও সাউথ কামব্রিয়ায়ও রোগীদের ফিট নোট ছাড়াই চিকিৎসা ও অ-চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত সহায়তা কর্মসূচিতে যুক্ত করা হবে।
নতুন ব্যবস্থায় শুধুমাত্র চিকিৎসা সনদ দেওয়ার পরিবর্তে ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার ভিত্তিতে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। এর মধ্যে থাকবে ব্যায়ামভিত্তিক কর্মসূচি, কর্মজীবন বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য ও কর্মসংস্থান প্রশিক্ষণ এবং অন্যান্য ব্যক্তিকেন্দ্রিক সহায়তা। পাশাপাশি সরকারের ‘ওয়ার্কওয়েল’ কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যগত সমস্যার কারণে কর্মজীবনে বাধাগ্রস্ত ব্যক্তিদের কাজে ফিরতে সহায়তা দেওয়া হবে।
বর্তমান সরকারের হেলথকেয়ার বিষয়ক প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেছেন, বর্তমান ফিট নোট ব্যবস্থা রোগী ও চিকিৎসক—উভয়ের জন্যই কার্যকরভাবে কাজ করছে না। তার মতে, এই পরীক্ষামূলক কর্মসূচি একটি অকার্যকর ব্যবস্থার পরিবর্তনের সূচনা করবে। এতে মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা পাবেন, কর্মসংস্থানে ফিরে যাওয়ার সুযোগ বাড়বে এবং চিকিৎসকেরা প্রশাসনিক কাজের চাপ কমিয়ে রোগীদের চিকিৎসায় আরও বেশি সময় দিতে পারবেন।
সরকারের নিযুক্ত পর্যালোচনা কমিটির প্রধান স্যার চার্লি মেফিল্ডও মনে করেন, বর্তমান ফিট নোট ব্যবস্থা তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে। তাই স্বাস্থ্যগত সমস্যার কারণে কর্মবিরতিতে থাকা ব্যক্তিদের জন্য আরও সমন্বিত ও সহায়তাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
সরকার জানিয়েছে, এই সংস্কার তাদের বৃহত্তর কল্যাণ ও কর্মসংস্থান নীতির অংশ। এর উদ্দেশ্য কেবল অসুস্থতার কারণে মানুষকে দীর্ঘদিন কর্মবিরতিতে রাখা নয়; বরং যথাযথ সহায়তার মাধ্যমে তাদের সুস্থ করে কর্মজীবনে ফিরিয়ে এনে স্বাস্থ্য, কর্মসংস্থান এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা। এ লক্ষ্যেই গত বছরের অক্টোবরে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড ব্যয়ে ‘ওয়ার্কওয়েল’ কর্মসূচি চালু করা হয়েছিল, যার কার্যক্রম এখন আরও বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রঃ মিরর
এম.কে

