7.7 C
London
October 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)

ইউরোপজুড়ে গুগল ক্লাউডে বড় বিপর্যয়ঃ অচল ব্যাংকিং অ্যাপ ও অনলাইন সেবা

ইউরোপের বিভিন্ন দেশে গুগলের ক্লাউড সেবায় বড় ধরনের কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে। এতে যুক্তরাজ্যসহ মহাদেশটির বিভিন্ন দেশের ডিজিটাল ব্যাংকিং, অনলাইন প্ল্যাটফর্ম ও একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়েছে। ব্যবহারকারীদের কেউ কেউ নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে এবং আর্থিক লেনদেন সম্পন্ন করতে সমস্যায় পড়েছেন।

ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে এ বিভ্রাট শুরু হয়। গুগল জানিয়েছে, বিদ্যুৎ-সংক্রান্ত আকস্মিক একটি ঘটনার কারণে এই সমস্যা তৈরি হয়েছে।

বিভ্রাটের সূত্রপাত হয় লন্ডনে অবস্থিত গুগলের ক্লাউড অবকাঠামোর ‘ইউরোপ-ওয়েস্ট২’ অঞ্চলে। ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গুগলের একাধিক ক্লাউড সেবা প্রভাবিত হয়। এসব সেবার ওপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মেও এর প্রভাব ছড়িয়ে পড়ে।

প্রভাবিত সেবাগুলোর মধ্যে ছিল ডিজিটাল ব্যাংক রিভোল্টসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও অনলাইন সেবা। ফলে কিছু ব্যবহারকারী অ্যাকাউন্টে প্রবেশ, লেনদেন সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট ডিজিটাল সুবিধা ব্যবহারের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন। তবে কোন কোন প্রতিষ্ঠান কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট কতজন ব্যবহারকারী সমস্যায় পড়েছেন, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।

শুধু ব্যাংকিং সেবাই নয়, যুক্তরাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও এ ঘটনায় প্রভাবিত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, লয়েডস ব্যাংক, এইচএসবিসি, ডাক পরিষেবা রয়্যাল মেইল, সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভ এবং পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডির সেবায়ও বিঘ্ন ঘটে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড এবং আদালতের কিছু অনলাইন সেবাও প্রভাবিত হয়েছিল।

বিভ্রাট শনাক্ত হওয়ার পর গুগলের প্রকৌশলীরা সেবা পুনরুদ্ধারে কাজ শুরু করেন। গুগলের ক্লাউড সেবার আনুষ্ঠানিক অবস্থা-সংক্রান্ত পৃষ্ঠায় জানানো হয়, লন্ডনের ‘ইউরোপ-ওয়েস্ট২’ অঞ্চলে একাধিক সেবা প্রায় সাত ঘণ্টা ৫২ মিনিট ধরে সমস্যার মুখে ছিল। পরে বিভ্রাটটি সমাধান করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ব্যাংক রিভোল্টের পক্ষ থেকে গ্রাহকদের অর্থ ও ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকার আশ্বাস দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানায়, সমস্যাটি শনাক্ত হওয়ার পর থেকেই তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। গুগলও ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে।

ক্লাউড সেবায় এ ধরনের বিভ্রাটের কারণে আর্থিক লেনদেন ও জরুরি অনলাইন কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্বেগও বাড়ছে। যুক্তরাজ্য ও ইউরোপে গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোর স্থিতিশীলতা এবং বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তা এ ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে।

সূত্রঃ রয়টার্স, ইউরোনিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর

হ্যারি পটার বইয়ের বিরল সংস্করণ, নিলামে বিক্রি হল ৩৬ হাজার পাউন্ডে

ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত