TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইতালির পর এবার ব্রিটেনের শত শত স্কুলে বোমা হামলার হুমকিঃ আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকরা

ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে দ্বিতীয় দফায় বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এসব হুমকিমূলক বার্তা পাওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে এসব হুমকির কোনো বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি। ই-মেইলগুলো ব্রিটেনের বাইরে থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডের অন্তত ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি পৌঁছেছে। অন্যদিকে স্কটল্যান্ডের প্রায় ৪৭০টি স্কুল একই ধরনের ই-মেইল পেয়েছে। তবে সব স্কুল বন্ধ বা খালি করা হয়নি। স্কটল্যান্ডের গ্লাসগোর ১৯২টি স্কুলের মধ্যে মাত্র একটিতে সতর্কতামূলকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে তদন্ত চালাচ্ছে। তবে প্রাথমিকভাবে ই-মেইলগুলোর বিষয়বস্তুতে জননিরাপত্তার জন্য বিশ্বাসযোগ্য কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি। হুমকিগুলো ব্রিটেনের বাইরে থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

স্কটল্যান্ডের ইনভারনেস হাইস্কুলের অভিভাবকদের কাছে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়, স্কুলে সম্ভাব্য বোমা হামলার হুমকি রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের অবিলম্বে বাড়ি পাঠানো হচ্ছে। ইনভারনেসের মারকিনচ প্রাইমারি স্কুলেও একই ধরনের সতর্কতার পর শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, এসব বার্তা ভুয়া এবং সাধারণ জনগণের জন্য বড় ধরনের কোনো হুমকি নেই। পুলিশ স্কটল্যান্ডও জানিয়েছে, শুধু এসব ই-মেইলের ভিত্তিতে স্কুল খালি করা কিংবা শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ রাখার প্রয়োজন নেই।

স্কটিশ লিবারেল ডেমোক্র্যাট দলের বিচারবিষয়ক মুখপাত্র ই-পেই চৌ টারভেরির সন্তানও একটি স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তিনি বলেন, এ ধরনের ভুয়া হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যারা এসব বার্তা পাঠিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

স্কটল্যান্ডের শিক্ষামন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ স্কটল্যান্ড, স্থানীয় কাউন্সিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করবেন। যাতে সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা যায়।

একই দিন ইতালিতেও ব্যাপক বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়ে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। রাজধানী রোম, তুসকানি, জেনোয়া ও সিসিলিসহ বিভিন্ন এলাকায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়।

ইতালিতে পাঠানো ই-মেইলে নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা মিখাইল আন্দ্রোপভ পরিচয় দেওয়া এক ব্যক্তি ইতালীয়দের নিশ্চিহ্ন করার হুমকি দেয়। বার্তায় স্কুল ভবনের ভেতরে প্লাস্টিকের ব্যাগে রিমোট কন্ট্রোলচালিত শক্তিশালী বিস্ফোরক রাখার দাবি করা হয়। এমনকি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্যবহৃত একটি গাড়ির ইঞ্জিনেও বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়।

তবে ব্রিটেনের স্কুলগুলোতে পাঠানো ই-মেইলগুলোতে ইতালির মতো একই বার্তা ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিভিন্ন স্কুলেও একই ধরনের হুমকি পাঠানোর ঘটনা তদন্ত করছে দেশটির পুলিশ গার্ডাই।

গত মাসেও উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখন পাঠানো ই-মেইলে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে বিস্ফোরক লুকিয়ে রাখার দাবি করা হয়। ওই বার্তাগুলোর শেষে ‘আল্লাহু আকবার’ লেখা ছিল। তবে পুলিশ সেগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করেছিল।

পুলিশ স্কটল্যান্ডের একটি সূত্রের বরাতে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগের ঘটনার ই-মেইলগুলো মধ্যপ্রাচ্য থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। সৌদি আরব থেকে পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। শত শত স্কুলের ই-মেইল ঠিকানা সংগ্রহ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও তদন্তসংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছিল।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে বিমান ও সংবাদমাধ্যমকেও একই ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে। বোমা হামলার সতর্কবার্তার কারণে ইউরোপজুড়ে অন্তত ১২টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছিল। কয়েকটি বিমানকে জরুরি অবতরণ করতে হয় এবং কিছু ক্ষেত্রে যুদ্ধবিমান দিয়ে পাহারা দেওয়া হয়। তবে কোনো ফ্লাইটেই প্রকৃত বিস্ফোরক পাওয়া যায়নি।

এরপর গত শুক্রবার ব্রিটেনের স্কাই নিউজ, আয়ারল্যান্ডের আরটিই এবং বুলগেরিয়ার নোভা টিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়েছিল, বিমান, প্রমোদতরী, পাতালরেল স্টেশন ও ট্রেনে বিস্ফোরণ ঘটানো হবে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি সংবাদমাধ্যমের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। আয়ারল্যান্ডের আরটিইতে প্রায় তিন ঘণ্টা পর্যন্ত নিয়মিত অনুষ্ঠান বন্ধ রেখে গান ও পূর্বধারণ করা সতর্কবার্তা প্রচার করা হয়।

ধারাবাহিক এসব ঘটনায় ইউরোপজুড়ে জননিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে স্কুল, বিমান ও সংবাদমাধ্যমে পাঠানো সব হুমকির পেছনে একই ব্যক্তি বা সংগঠন রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

সাত দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বিমান ব্যয় ৬ কোটি টাকা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বাড়ির দাম কমার সম্ভাবনার কথা জানিয়েছে ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহ

গবেষণায় প্রকাশ, লন্ডন বিশ্বের সবচেয়ে ধীরগতি ও ব্যয়বহুল শহর গাড়ি চালকদের জন্য

নিউজ ডেস্ক