TV3 BANGLA
ফিচার

‘ইতালীয় সংস্কৃতির অপমান’, পিজ্জায় আনারস দিতে অস্বীকৃতিঃ চাকরি হারালেন ইতালীয় শেফ;

পিজ্জার ওপর আনারস ব্যবহারকে নিজের সংস্কৃতির জন্য অপমানজনক মনে করেন ইতালীয় শেফ ডেভিডে তাম্বুরেল্লা। এ কারণে গ্রাহকদের জন্য হ্যাম ও আনারস দিয়ে পিজ্জা তৈরি করতে অস্বীকৃতি জানান তিনি। আর এই অস্বীকৃতিসহ কর্মক্ষেত্রে একাধিক অভিযোগের জেরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁ থেকে চাকরি হারিয়েছেন ওই শেফ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বন্ধ হয়ে যাওয়া ‘লা কোস্টা’ রেস্তোরাঁয় কাজ করতেন ডেভিডে তাম্বুরেল্লা। চলতি বছরের মে মাসে চাকরিচ্যুত হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল। সেখানে তার আচরণ ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের ধরন নিয়ে একাধিক অভিযোগ উত্থাপন করা হয়।

এর মধ্যে অন্যতম ছিল একটি অনুষ্ঠানের অতিথিদের জন্য হ্যাম ও আনারস দিয়ে পিজ্জা তৈরি করতে তার অস্বীকৃতি। শেফের বক্তব্য ছিল, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশনা তার সংস্কৃতির জন্য অপমানজনক হলে তা মানতে তিনি বাধ্য নন।

অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের প্রকাশিত সিদ্ধান্তেও বিষয়টি উঠে এসেছে। কমিশন জানায়, ইতালীয় হিসেবে তাম্বুরেল্লা মনে করেন, পিজ্জার ওপর আনারস দেওয়া তার সংস্কৃতির প্রতি অপমান। গত চার বছরে একই কারণে তিনি তৃতীয়বারের মতো পিজ্জায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এর আগে নিজের বসকে তিনি ইতালীয়দের কাছে পিজ্জায় আনারস না দেওয়ার গুরুত্ব কতটা, তা যাচাই করে দেখার অনুরোধও জানিয়েছিলেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যকে দেশটির আনারস উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। দেশটির বাণিজ্যিকভাবে উৎপাদিত আনারসের বড় অংশই এই রাজ্যে উৎপাদিত হয়। সানশাইন কোস্ট এলাকায় পর্যটকদের কাছে ১৬ মিটার উঁচু বিশাল আনারসের ভাস্কর্য ‘দ্য বিগ পাইনঅ্যাপল’ একটি পরিচিত আকর্ষণ।

তবে শুধু পিজ্জায় আনারস ব্যবহার নিয়ে আপত্তিই নয়, তাম্বুরেল্লার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ ছিল। কর্মক্ষেত্রে অশালীন ভাষা ব্যবহার, যোগাযোগের ধরন এবং বিরক্তি প্রকাশের মাত্রা বাড়িয়ে পরিস্থিতি জটিল করে তোলার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

কমিশনের নথিতে চলতি বছরের এপ্রিলে কর্মক্ষেত্রে ঘটে যাওয়া একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই সময় একটি ধাতব রেলিংয়ে আঘাত করার ফলে তার ডান হাতের কয়েকটি হাড় ভেঙে যায়।

এদিকে, রেস্তোরাঁটির পক্ষ থেকে স্পনসর ভিসা পাওয়ার আশা করেছিলেন তাম্বুরেল্লা। এই ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী হিসেবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার প্রত্যাশা ছিল তার। কিন্তু চাকরি হারানোর পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ তার ভিসা স্পনসর করার প্রক্রিয়া বন্ধ করে দেয়।

চাকরিচ্যুতির সিদ্ধান্তের বিরুদ্ধে অন্যায্য বরখাস্তের অভিযোগে ফেয়ার ওয়ার্ক কমিশনে আবেদন করেছিলেন তিনি। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর আবেদন করায় তার অভিযোগ খারিজ হয়ে যায়।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘এই ঘটনার পেছনে শুধু পিজ্জার টপিংয়ের চেয়েও অনেক বেশি বিষয় রয়েছে।’

বিবিসি এ বিষয়ে তাম্বুরেল্লার বক্তব্য জানতে যোগাযোগ করেছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তাম্বুরেল্লার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি বর্তমানে ব্রিসবেনের অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন। মজার বিষয় হলো, বিবিসি যাচাই করে দেখেছে, নতুন রেস্তোরাঁটির খাবারের তালিকায় পিজ্জার সঙ্গে আনারস নেই।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

লন্ডনে উড়াল দিলেন আসিফ, গান অবমুক্ত হবে ব্রিটিশ পার্লামেন্ট হাউসে!

নিউজ ডেস্ক

দেশে ৯ মাসে ১৫৪ সাংবাদিক নির্যাতনের শিকার, গুলিতে নিহত ১

অনলাইন ডেস্ক

ফেসবুক প্রোফাইল থেকে সরে যাচ্ছে ধর্ম-রাজনৈতিক বিশ্বাস

অনলাইন ডেস্ক