17.9 C
London
August 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স, ফের জানালো প্যারিস

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বারো বলেন, সংকট শুরুর পর থেকেই ফ্রান্স এ যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, অভিযানের লক্ষ্য স্পষ্ট নয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ থাকায় ফ্রান্সের পক্ষে এতে যুক্ত হওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, শুরু থেকেই ফ্রান্স এই যুদ্ধের বিরোধিতা করে আসছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ওই অঞ্চলে নৌচলাচল স্বাভাবিক রাখতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তুতি চলছে।

বারো বলেন, কোনো প্রণালিতে বাধা সৃষ্টি, ব্ল্যাকমেইল বা টোল আদায় মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলে কোনো প্রতিবন্ধকতা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এর জবাবে তেহরান পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এম.কে

আরো পড়ুন

গাজা এখন বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশুর আশ্রয়স্থলঃ ইউএনআরডব্লিউএ

মণিপুরে নতুন করে সহিংসতায় ৫ জন নিহত, মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

মণিপুরে গুলিতে কুকি কমান্ডার নিহত