মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরান নয়, কাতারকেই ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তার অভিযোগ, কাতার বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে প্রভাব বিস্তার করছে। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত কাতারের প্রভাবের আওতায় রয়েছে বলে দাবি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম কিকার হাশাবাতকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন বেনেট। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইসরায়েলের নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনার সময় তিনি কাতারকে দেশটির জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন।
বেনেট বলেন, কাতার একটি নিষ্ঠুর ও প্রাণঘাতী প্রতিপক্ষ। এমনকি এটি ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রুও হতে পারে। যারা ইসরায়েলের নেতৃত্ব দিতে চান, তাদের কাতারকে শত্রু হিসেবে ঘোষণা করা উচিত।
এর আগে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানেও একই ধরনের অভিযোগ তুলেছিলেন তিনি। বেনেটের বক্তব্য, ইরান প্রকাশ্যেই ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেয়। কিন্তু কাতারের কর্মকাণ্ড আরও বিস্তৃত এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
কাতারের বিরুদ্ধে অভিযোগ তুলে বেনেট বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নেওয়া হামাসের নুখবা বাহিনীকে অর্থায়ন করেছে কাতার। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যক্রমেরও সমালোচনা করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে কাতার প্রভাব বিস্তার করছে। পাশাপাশি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর কার্যালয়েও কাতারের যোগাযোগ ও প্রভাব রয়েছে।
বেনেটের এসব বক্তব্যের পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কয়েকজন বর্তমান ও সাবেক সহযোগীর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের প্রসঙ্গও রয়েছে। অভিযোগ রয়েছে, ৭ অক্টোবরের হামলার পর কাতারের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ নিয়ে দেশটির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় প্রমাণিত হয়েছে—এমন তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বেনেট আরও বলেন, কাতার ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের ভেতর থেকেই ক্ষতিকর প্রভাব বিস্তার করছে। অথচ ইসরায়েলের প্রচলিত আইন অনুযায়ী, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কাতারের হয়ে কাজ করতে পারছে। তার প্রশ্ন, যে দেশকে তিনি ইসরায়েলের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ মনে করছেন, সেটিকে এখনো আনুষ্ঠানিকভাবে শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়নি কেন।
এদিকে, কাতারকে নিয়ে বেনেটের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। তিনি ট্রাম্পের ঘোষিত ১৫ দফা পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছেন। তবে ওয়াশিংটনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
অন্যদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বলেছেন, তারা এখনো ঘোষিত রূপরেখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রক্রিয়া এগিয়ে নিতে মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের উচিত নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ফলে কাতারকে নিয়ে বেনেটের এই মন্তব্য ইসরায়েল-কাতার সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এমকে

