উত্তর গাজা উপত্যকায় জরুরি মানবিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, গাজা সিটির মানসুরা পানি সংগ্রহ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের চুক্তিভিত্তিক দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুইজন আহত হন বলে জানানো হয়েছে। হামলাটি এমন একটি স্থানে ঘটে যেখানে দিনে একাধিকবার পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়। ওই কেন্দ্রের মাধ্যমে গাজা সিটির কয়েক লাখ মানুষের জন্য পানি সরবরাহ লাইন থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়ে থাকে।
ইউনিসেফ জানায়, গুরুতর নিরাপত্তা পরিস্থিতির কারণে ঘটনাস্থলে সব ধরনের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে সেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে

