TV3 BANGLA
আন্তর্জাতিক

“এক রাতেই ধ্বংস সম্ভব”—তেহরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে আবারও কঠোর অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় সদস্যকে উদ্ধারে পরিচালিত অভিযান ছিল “ঐতিহাসিক” এবং ঝুঁকিপূর্ণ।

প্রেসিডেন্ট জানান, গত সপ্তাহে ভূপাতিত হওয়া F-15 fighter jet (এফ-ফিফটিন ফাইটার জেট) যুদ্ধবিমানের দুই সদস্যই প্যারাশুটের মাধ্যমে ইরানের মাটিতে অবতরণ করেন। তাদের উদ্ধারে মার্কিন বাহিনী ব্যাপক আকারে অভিযান চালায়।

তিনি বলেন, দ্বিতীয় বিমানসেনাকে উদ্ধারে সামরিক বাহিনীকে “যা প্রয়োজন সবকিছু” করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার ভাষায়, “আমরা কোনো আমেরিকানকে পেছনে ফেলে আসি না।”

উদ্ধার অভিযানের সময় দলটি “অত্যন্ত ভারী শত্রু গোলাগুলির” মুখে পড়ে বলে দাবি করেন প্রেসিডেন্ট। একটি উদ্ধারকারী হেলিকপ্টারেও গুলির চিহ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আহত বিমানসেনা রক্তাক্ত অবস্থায় দুর্গম পাহাড়ি পথ বেয়ে উঠে নিজের অবস্থান সংকেত পাঠাতে সক্ষম হন বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট আরও দাবি করেন, ওই বিমানসেনা এমন একটি এলাকায় আটকে ছিলেন যেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর সদস্যদের উপস্থিতি ছিল। প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর তাকে সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং এ অভিযানে কোনো প্রাণহানি হয়নি।

উদ্ধার অভিযানে মোট ১৫৫টি বিমান মোতায়েন করা হয়, যার মধ্যে ছিল চারটি বোমারু বিমান, ৬৪টি যুদ্ধবিমান, ৪৮টি রিফুয়েলিং ট্যাংকার এবং ১৩টি রেসকিউ বিমান। বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ সমন্বিত সামরিক অভিযান।
এদিকে, তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “পুরো দেশকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, আর সেই রাত হয়তো আগামী রাতই হতে পারে।”

নিজ দেশের সামরিক শক্তির প্রশংসা করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের যেকোনো দেশের তুলনায় “অতুলনীয়ভাবে শক্তিশালী”।

বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য ও সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলায় ব্রিকসের বিভক্ত প্রতিক্রিয়া, নেতৃত্বে ভারতের সতর্ক কূটনীতি

মারা গেছে বিখ্যাত মিম কুকুর চিমস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েল, “বাঙ্কারও নিরাপদ নয়”—ভারতীয় সাংবাদিক