TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এবার মহানবী (সা.)-এর হাদিস পড়ে শোনালেন যুক্তরাজ্যের রাজা চার্লস

ব্রিটেনের ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক জমকালো রাজকীয় নৈশভোজে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বিখ্যাত হাদিস উদ্ধৃত করে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফর উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনায় ওমানের জনগণের শান্তিপ্রিয় ও অমায়িক স্বভাবের প্রশংসা করতে গিয়ে তিনি সহিহ মুসলিমের এই হাদিসটি পাঠ করেন। একজন অমুসলিম পশ্চিমা রাষ্ট্রপ্রধানের মুখে বিশ্বনবী (সা.)-এর হাদিসের উদ্ধৃতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ব্রিটেন সফরকে স্মরণীয় করে রাখতে উইন্ডসর ক্যাসেলে বিশেষ রাজকীয় নৈশভোজের আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস। অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে ওমানের জনগণের সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করেন রাজা চার্লস। তিনি বলেন, মহানবী (সা.) ওমানের জনগণের প্রশংসা করে বলেছিলেন, ‘তোমরা যদি ওমানের অধিবাসীদের কাছে যেতে, তাহলে তারা তোমাদের গালমন্দ করত না কিংবা তোমাদের ওপর আঘাত হানত না।’

রাজা চার্লস বলেন, ওমানের জনগণ যুগের পর যুগ ধরে শান্তিপূর্ণ, অতিথিপরায়ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের ঐতিহ্য বজায় রেখেছে।

বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওমানের কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাজা চার্লস। তিনি উল্লেখ করেন, বিশ্বরাজনীতির জটিল ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পারস্পরিক সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ওমান সবসময় গঠনমূলক ভূমিকা রেখে আসছে।

বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতা ও সংঘাত প্রতিরোধে ওমানের ধারাবাহিক প্রচেষ্টা বিশ্বমঞ্চে প্রশংসিত হয়েছে।

বক্তব্যে ব্রিটেন ও ওমানের মধ্যকার শতাব্দীপ্রাচীন বন্ধুত্বের কথাও স্মরণ করেন ব্রিটিশ রাজা। তিনি বলেন, কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে গড়ে ওঠা কৌশলগত ও ঐতিহাসিক অংশীদারিত্ব বর্তমান সময়ে আরও সুদৃঢ় হয়েছে। এই সফর দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্রিটেনের রাজার মুখে মহানবী (সা.)-এর হাদিসের এমন শ্রদ্ধাপূর্ণ উদ্ধৃতি ইসলামের শান্তির বাণী এবং বিশ্বনবীর আদর্শের সর্বজনীন আবেদনকে নতুন করে আলোচনায় এনেছে। ওমানের সুলতানের সম্মানে ব্রিটিশ রাজপ্রাসাদে হাদিসটি উদ্ধৃত করার ঘটনাকে প্রাচ্য ও পাশ্চাত্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ আনাদোলু এজেন্সি\ওমান অবজারভার

এমকে

আরো পড়ুন

ব্রিটেনের পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানির রিপোর্ট বেড়েছে

রাজনীতিবিদদের নিরাপত্তা বাড়াচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অভিবাসী মৃত্যুর ঘটনায় দায়ী তরুণের বিচার শুরু