17 C
London
August 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে নাঃ হাই কোর্ট

সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্যেই আদালতের এ সিদ্ধান্ত এল।

ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছে হাই কোর্ট।

এ বিষয়ে দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

রায়ে আদালত বলেছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না– এই নিয়মসহ পাঁচ দফা দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্যেই আদালতের এ সিদ্ধান্ত এল।

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা বেশ কিছু দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, যাদের একটি দাবি হল তাদের নামের আগে ‘ডাক্তার’ লেখার বৈধতা দেওয়া। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকরা সেটি মানতে রাজি নন।

ডিএমএফ ডিগ্রিধারী সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি ২০১৩ সালে আইন চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট আবেদন করেন।

ওই বছরের ৩০ এপ্রিল এ রিটের প্রথম শুনানি হলেও পরে বিষয়টি ঝুলে থাকে দীর্ঘদিন।

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারি দুটি রিটের শুনানি হয়। আদালত সেদিন উভয় রিটের রায় ঘোষণার জন্য বুধবার দিন ঠিক করে দেয়।

এই রায়কে কেন্দ্র করে পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে সব সরকারি হাসপাতালে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তবে হাসপাতালের জরুরি সেবা চালু রাখা হয়েছে।

এম.কে
১২ মার্চ ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি হচ্ছে: আসিফ নজরুল

শহীদ হাদির জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে