TV3 BANGLA
আন্তর্জাতিক

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কাঃ ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান—এমন গোয়েন্দা সতর্কতার খবর সামনে আসার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সম্ভাব্য এই হুমকিকে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার কোনো বিশ্বাসযোগ্য তাৎক্ষণিক হুমকি নেই।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইন সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা তথ্য সত্য হলে ইরানকে এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি। তিনি বলেন, ‘আমি আশা করি, খবরটি সত্য নয়। তবে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরান ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে কাজ করছে। গোয়েন্দাদের হাতে আসা তথ্যে হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর মতো সুনির্দিষ্ট বিষয়ও রয়েছে। তবে কর্মকর্তারা এটিকে আসন্ন বা তাৎক্ষণিক হামলার হুমকি হিসেবে দেখছেন না। বরং চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘায়িত হলে ভবিষ্যতে ব্যবহারের জন্য তেহরান বিভিন্ন বিকল্প প্রস্তুত রাখছে বলে তাদের ধারণা।

এমন তথ্য সামনে আসার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতামূলক প্রস্তুতি শুরু করেছে। কর্মকর্তারা এই প্রস্তুতিকে ‘বিচক্ষণতাপূর্ণ আগাম পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর প্রশাসন সতর্ক নজর রাখছে। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ইরান আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে, নৌবাহিনীর জাহাজ ডুবিয়েছে এবং প্রতিরক্ষা শিল্পের অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। ইরান যাতে কখনোই মার্কিন নাগরিক ও মিত্রদের হুমকি দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন অনড়।

তবে গোয়েন্দা কর্মকর্তাদের উদ্বেগের আরেকটি দিকও সামনে এসেছে। সিএনএনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গোয়েন্দা তৎপরতা থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, বোমা তৈরির কিছু উপকরণ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে মজুত করা হয়ে থাকতে পারে। এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে ইরানকে সরাসরি কোনো হামলাকারী যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রয়োজন নাও হতে পারে। বরং দেশটিতে আগে থেকেই বসবাসকারী কাউকে অর্থ বা অন্য প্রলোভন দেখিয়ে হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।

ডার্টি বোমা হলো প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি এক ধরনের বিস্ফোরক অস্ত্র। এটি পারমাণবিক বোমা নয়। বিস্ফোরণের মাধ্যমে আশপাশের এলাকায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে পারে। এতে মানুষ তেজস্ক্রিয়তার সংস্পর্শে এসে অসুস্থ হতে পারে এবং দূষিত এলাকা দীর্ঘ সময়ের জন্য বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

সিএনএনের এক গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অস্ত্র মূলত আতঙ্ক সৃষ্টির হাতিয়ার। এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাতের চেয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বিপজ্জনক।

এদিকে ইরান মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই খবরকে ‘মনগড়া গণমাধ্যমের বয়ান’ বলে উল্লেখ করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও এক বিবৃতিতে বলেছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পূর্ণ অবৈধ বলে মনে করে ইরান। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তারা।

সম্ভাব্য হামলার আশঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশটির একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা নজরদারি আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। আইনটি হলো ফরেন ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যাক্টের ‘সেকশন ৭০২’।

এই আইনের আওতায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিদেশি নাগরিকদের ফোনকল ও টেক্সট বার্তা পর্যবেক্ষণ করতে পারে। সন্ত্রাসী হামলার পরিকল্পনা শনাক্ত করতে আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন নিরাপত্তা কর্মকর্তারা।

গত সপ্তাহে মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের কাছে চিঠি লিখে আইনটির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান।

তাদের সতর্কবার্তায় বলা হয়, আইনটির অনুমোদন নবায়নে বিলম্ব হলে বর্তমান উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সাধারণ মানুষ এবং বিদেশে অবস্থানরত মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’র পর তেহরানের হামলার প্রেরণা বেড়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তাদের একাংশ। তবে ইরানের হামলা চালানোর সক্ষমতা আগের তুলনায় বেড়েছে—এমন কোনো ঐকমত্য গোয়েন্দা মহলে নেই।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট।

এমকে

আরো পড়ুন

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন নানা পাটেকরঃ শেষ হলো পাঁচ দশকের অভিনয়জীবন

স্পেনে মানবিক মোড়ঃ প্রচুর বাংলাদেশী সহ পাঁচ লাখ অভিবাসী পাচ্ছেন বৈধতা

নারী পকেটমারদের ধরতে ইতালির সংসদে বিল