19.1 C
London
September 28, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ওয়েলসে লেকের পানিতে অজু করতে গিয়ে ব্রিটিশ-বাংলাদেশি তরুণের মৃত্যু

যুক্তরাজ্যের ওয়েলসে ছুটি কাটাতে গিয়ে লেকের পানিতে ডুবে মারা গেছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ নাঈম ইসলাম (২০)। শনিবার সন্ধ্যায় অজু করতে লেকের পানিতে নামার পর তিনি ডুবে যান। নিখোঁজ হওয়ার পর রোববার বিকেলে পুলিশ ও কোস্টগার্ড তার মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম ইসলাম পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার হাজী আনোয়ার একাডেমির চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল ইসলামের মেজো ছেলে। ঘটনার দুই দিন আগে তিনি বন্ধুদের সঙ্গে ওয়েলসে অবকাশ যাপনে গিয়েছিলেন।

নাঈমের মামা সিদ্দিকুর রহমান জানান, তিন বন্ধু মিলে সেখানে হাইকিং করছিলেন। একপর্যায়ে তাদের একজন ক্লান্ত হয়ে হোটেলে ফিরে যান। এরপর নাঈম ও তার আরেক বন্ধু একটি লেকের কাছে যান।

সিদ্দিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, নাঈমের সঙ্গে থাকা বন্ধু লেকের পানিতে অজু করতে গেলে তার জামা-কাপড় ভিজে যায়। পরে নাঈমও অজু করতে পানিতে নামেন। এ সময় তিনি পানিতে পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

তাকে উদ্ধারের জন্য সঙ্গে থাকা বন্ধু লাঠি দিয়ে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাঈম সাঁতার জানতেন না। দুর্ঘটনার সময় এলাকায় প্রচণ্ড ঝড় হচ্ছিল। লেকটির দৈর্ঘ্য ২০০ মিটারের বেশি বলে পরিবার জানিয়েছে।

পরদিন রোববার পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা লেক থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেন। তবে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। পরিবারের সদস্যরা মরদেহের অপেক্ষায় ওয়েলসে অবস্থান করছেন।

নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ডেথ সার্টিফিকেট মঙ্গলবার পাওয়া গেলে বুধবার পূর্ব লন্ডনে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে। তবে জানাজার সময় নির্ভর করছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ওপর।

নাঈমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রঃ আরটিভি অনলাইন

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ থেকে যে কারণে কাঁঠাল নিতে চায় চীন

জরুরি অবতরণের নির্দেশ অমান্য পাইলটের, বিমানের ভেতরেই মারা গেলেন যাত্রী

যুক্তরাজ্যে ওয়েম্বলির কাছে ভয়াবহ আগুনঃ বন্ধ মেট্রোপলিটন ও জুবিলি লাইন