24.1 C
London
June 30, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কানাডার আদলে শরণার্থী পুনর্বাসনে নতুন পথ খুলছে যুক্তরাজ্য

শরণার্থী পুনর্বাসনে কানাডার আদলে নতুন একটি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সরকার। এই উদ্যোগের আওতায় দেশটির স্থানীয় কমিউনিটি সংগঠন, দাতব্য প্রতিষ্ঠান এবং সরকারের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি শরণার্থীদের স্পনসর করে যুক্তরাজ্যে পুনর্বাসনের সুযোগ পাবে। একই সঙ্গে আশ্রয় ব্যবস্থা আরও কঠোর করার লক্ষ্যে একগুচ্ছ নতুন সংস্কারও ঘোষণা করা হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, নতুন এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ ও বৈধ পথে প্রকৃত শরণার্থীদের পুনর্বাসনের সুযোগ বাড়ানো হবে। তবে এটি বিদ্যমান পুনর্বাসন কর্মসূচির বাইরে পরিচালিত হলেও মোট কতজনকে গ্রহণ করা হবে, তার একটি নির্দিষ্ট সীমা থাকবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে বিশ্ববিদ্যালয়, দাতব্য সংস্থা ও স্থানীয় কমিউনিটি সংগঠনগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। যাচাই-বাছাই শেষে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো শরণার্থীদের আবাসন, সমাজে অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থানের দায়িত্ব পালন করবে। প্রথম ধাপে একই মৌসুমের শেষ দিকে শরণার্থীদের যুক্তরাজ্যে আনা শুরু হতে পারে।

সরকার বলছে, এই উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রের পাশাপাশি স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানও মানবিক পুনর্বাসন কার্যক্রমে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে। এর ফলে শরণার্থীদের সমাজে দ্রুত অন্তর্ভুক্তি নিশ্চিত করা সহজ হবে।

তবে নতুন নিরাপদ পথ চালুর পাশাপাশি আশ্রয় ব্যবস্থায় কঠোর পরিবর্তনও আনছে সরকার। নতুন নীতির আওতায় শরণার্থী সুরক্ষার সুযোগ সীমিত করা, পরিবার পুনর্মিলনের শর্ত আরও কঠোর করা এবং অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থানকারীদের বহিষ্কার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের দাবি, একদিকে প্রকৃত শরণার্থীদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পথ তৈরি করা হবে, অন্যদিকে আশ্রয় ব্যবস্থার অপব্যবহার রোধ এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

নতুন কর্মসূচি ও কঠোর সংস্কারের এই যুগপৎ উদ্যোগকে যুক্তরাজ্যের আশ্রয় ও অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর একাংশ ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে, অতিরিক্ত কঠোর নীতির কারণে প্রকৃত আশ্রয়প্রার্থীদের জন্য সুরক্ষা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ব্রিটেনে সর্বনিম্ন ৫% ডিপোজিটে মর্গেজের সুযোগ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে অ্যাডাম খান হত্যাকাণ্ডঃ কিশোরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার

করবিনপন্থীদের ভিড়ে শক্তিশালী হচ্ছে গ্রিন দল, লেবারের নীতিগত অবস্থান নিয়ে তীব্র সমালোচনা