10.8 C
London
February 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গ্রেপ্তারের পর প্রিন্স এন্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরাতে ভাবছে ব্রিটিশ সরকার

গ্রেপ্তারের পর এন্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে অপসারণের সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। বিষয়টি পুলিশ তদন্ত শেষ হওয়ার পর বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার এ ধরনের আইন আনতে চাইলে প্রথমে পার্লামেন্টে একটি অ্যাক্ট অব পার্লামেন্ট পাস করতে হবে। পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মতিও প্রয়োজন হবে। আইন করে কোনো জ্যেষ্ঠ রাজপরিবারের সদস্যকে উত্তরাধিকার তালিকা থেকে অপসারণ নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বার্কশায়ারে অ্যান্ড্রুর সাবেক বাসভবন রয়্যাল লজে তল্লাশি সপ্তাহান্তজুড়ে চলবে বলে জানিয়েছে থেমস ভ্যালি পুলিশ। নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে পুলিশ উপস্থিতি থাকলেও সেখানকার তল্লাশি ইতোমধ্যে শেষ হয়েছে।

আধুনিক ইতিহাসে গ্রেপ্তার হওয়া প্রথম জ্যেষ্ঠ রাজপরিবারের সদস্য হিসেবে এন্ড্রুর ঘটনা ব্রিটিশ রাজতন্ত্রে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার ভাই রাজা কিং চার্লস থ্রি বলেছেন, “আইন তার নিজস্ব পথে চলবে।” সম্ভাব্য কোনো ফৌজদারি মামলা রাজামহারাজের নামেই পরিচালিত হবে—এটাই যুক্তরাজ্যের সাংবিধানিক প্রক্রিয়া।

সরকারের পক্ষ থেকে সরাসরি অবস্থান স্পষ্ট না করা হলেও ট্রেজারির চিফ সেক্রেটারি জেমস মারে বলেন, চলমান পুলিশ তদন্তের কারণে এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা অনুচিত। তবে প্রয়োজন হলে অতিরিক্ত পদক্ষেপ বিবেচনার কথা অস্বীকার করা হচ্ছে না।

এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এন্ড্রুর সঙ্গে সুরক্ষা দায়িত্বে ঘনিষ্ঠভাবে কাজ করা সাবেক ও বর্তমান কর্মকর্তাদের শনাক্ত ও যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত জেফ্রি এপস্টাইন-সংক্রান্ত নথিতে লন্ডনের বিমানবন্দর ব্যবহার করে মানবপাচার ও যৌন শোষণের ইঙ্গিতের প্রেক্ষিতে তথ্য মূল্যায়ন করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে মেট বলেছে, তাদের এখতিয়ারভুক্ত এলাকায় নতুন কোনো যৌন অপরাধের অভিযোগ পাওয়া যায়নি।

এন্ড্রু বরাবরই এপস্টাইন-সংক্রান্ত যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তবুও নতুন করে প্রকাশিত নথি ও চলমান তদন্ত রাজপরিবারের ওপর চাপ বাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি এন্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে অপসারণ করা হয়, তবে তা হবে যুক্তরাজ্যের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত। পুলিশ তদন্তের ফলাফল এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রাজনীতি ও রাজতন্ত্র-সংশ্লিষ্ট মহলের।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে প্লট দুর্নীতি মামলার রায় প্রশ্নবিদ্ধ, লেবারের পূর্ণ সমর্থন টিউলিপের পাশে

নিউজ ডেস্ক

ইরানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ব্রিটিশ নাগরিক

জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক