যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, অর্থনৈতিক চাপ ও অবরোধ আরোপ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। তার মতে, ভৌগোলিক অবস্থান, হরমুজ প্রণালির ওপর প্রভাব বিস্তারের সক্ষমতা এবং নিজেদের ক্ষমতার কাঠামো সুসংহত করার ক্ষেত্রে ইরান আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।
১০ নভেম্বর পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও অবরোধের কার্যকারিতা নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্লিঙ্কেন বলেন, তিনি বিশ্বাস করেন না যে চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। তার ভাষায়, ইরানের মতো একটি প্রতিরোধক্ষম শাসনব্যবস্থার মোকাবিলা করছে যুক্তরাষ্ট্র।
ব্লিঙ্কেন ইরানের দীর্ঘস্থায়ী প্রতিরোধের ইতিহাস তুলে ধরে বলেন, দেশটি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকারের বিরুদ্ধে আট বছর ধরে যুদ্ধে টিকে ছিল। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, দীর্ঘ সংঘাত ও চাপ মোকাবিলায় ইরানের সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে কিছু ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হতে পারে। সম্ভাব্য এসব ছাড়ের মধ্যে নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালির বিষয়ে ইরানকে কিছু সুবিধা দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত থাকতে পারে।
ব্লিঙ্কেনের এসব বক্তব্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল এবং ভবিষ্যৎ কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সূত্রঃ পার্সটুডে
এমকে

