19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চীনা গাড়ি নিয়ে বাড়ছে উদ্বেগঃ চালকদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য ফাঁসের ঝুঁকির সতর্কতা

আধুনিক গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে চালকদের ওপর নজরদারি চালানো সম্ভব বলে সতর্ক করেছে নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা। গাড়ির ক্যামেরা, মাইক্রোফোন ও জিপিএসসহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থা ব্যবহার করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং গাড়িতে থাকা মানুষের কথোপকথন শোনার সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

নেদারল্যান্ডসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সার্ভিস বা এআইভিডি (AIVD) আধুনিক গাড়ি ব্যবহারে গুপ্তচরবৃত্তির ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বুধবার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি বলেছে, আধুনিক গাড়ি ক্রমেই বেশি ‘স্মার্ট’ হয়ে উঠছে। এসব গাড়িতে থাকা ডিজিটাল ব্যবস্থা বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে এবং ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে।

এআইভিডির মতে, গাড়ির এসব প্রযুক্তি যেমন ব্যবহারকারীদের জন্য নানা সুবিধা তৈরি করছে, তেমনি গাড়ির ভেতরে থাকা মানুষ, গাড়ি এবং আশপাশের বস্তু ও মানুষের সম্পর্কেও বিপুল তথ্য সংগ্রহ করছে। রাষ্ট্রীয় সংস্থাসহ বিভিন্ন পক্ষ এসব তথ্যের অ্যাক্সেস পাওয়ার সুযোগ রাখে বলে সতর্ক করেছে ডাচ গোয়েন্দা সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, কিছু গাড়ির মাইক্রোফোন ও ক্যামেরা প্রযুক্তিগতভাবে দূর থেকে সক্রিয় করা সম্ভব। এর মাধ্যমে গাড়ির ভেতর বা আশপাশের কথোপকথন গোপনে শোনা এবং রেকর্ড করা হতে পারে।

এ কারণে সংস্থাটি চালকদের গাড়ির ভেতরে বা গাড়ির আশপাশে গোপনীয় আলোচনা না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি কোনো সংবেদনশীল স্থানে যাওয়ার সময় বাহ্যিক ক্যামেরা রয়েছে—এমন গাড়ি ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু ক্যামেরা ও মাইক্রোফোন নয়, গাড়ির সঙ্গে স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস যুক্ত করাও ঝুঁকি তৈরি করতে পারে বলে জানিয়েছে এআইভিডি। ব্লুটুথ, ওয়াই-ফাই কিংবা গাড়ির চার্জিং ব্যবস্থার মাধ্যমে ফোন ও অন্যান্য সংযুক্ত ডিভাইস থেকে তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হতে পারে।

গোয়েন্দা সংস্থাটি আরও জানিয়েছে, গাড়ির জিপিএস নেভিগেশন ব্যবস্থা, টেলিমেটিকস মডিউল এবং চার্জিং স্টেশন ব্যবহার করে গাড়ি ও চালকের অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং অন্যত্র পাঠানো সম্ভব হতে পারে।

এআইভিডি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেনি। তবে তাদের এই সতর্কবার্তা যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে চীনা মালিকানাধীন গাড়ির ব্যাপক বিক্রির পরিপ্রেক্ষিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার চীনা মালিকানাধীন ব্র্যান্ডের নতুন গাড়ি নিবন্ধিত হয়েছে। দেশটির মোট নতুন গাড়ি নিবন্ধনের প্রায় ১৫ শতাংশ এখন এসব ব্র্যান্ডের দখলে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এমজি, বিওয়াইডি এবং জেইকুর মতো ব্র্যান্ডগুলোর গাড়ি যুক্তরাজ্যের বাজারে দ্রুত জনপ্রিয় হয়েছে। কম দাম এবং উন্নত ইন-কার প্রযুক্তির কারণে এসব গাড়ির চাহিদা বেড়েছে। জেইকু ৭ মডেলটি ২০২৬ সালের মার্চ মাসে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি ছিল বলে গার্ডিয়ান জানিয়েছে।

চীনের জাতীয় গোয়েন্দা আইন নিয়েও যুক্তরাজ্যে উদ্বেগ রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের কিছু সদস্য এর আগে দাবি করেছেন, ওই আইনের আওতায় চীনা কোম্পানিগুলোকে প্রয়োজন হলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করতে হতে পারে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাড়ির মাধ্যমে জাতীয় নিরাপত্তার সম্ভাব্য হুমকি বোঝা এবং তা মোকাবিলায় তারা অন্যান্য সরকারি বিভাগের সঙ্গে কাজ করছে।

এদিকে ২০২৬ সালে চীনা যন্ত্রাংশযুক্ত গাড়ি নিয়ে ব্রিটিশ সামরিক স্থাপনাগুলোতেও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্যামব্রিজশায়ারের আরএএফ ওয়াইটন এবং ব্রিটেনের মেরিটাইম স্পেশাল ফোর্সেসের ডরসেট সদর দপ্তরসহ সংবেদনশীল কিছু স্থানে চীনা যন্ত্রাংশযুক্ত গাড়ি নিষিদ্ধ করার খবরও প্রকাশিত হয়েছে।

এর আগে ২০২৫ সালে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করা প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির সঙ্গে মোবাইল ফোন সংযুক্ত বা পেয়ার না করার বিষয়ে সতর্ক করা হয়েছিল। এসব গাড়ির মাধ্যমে সংবেদনশীল তথ্য চীনে চলে যেতে পারে—এমন আশঙ্কার কথা তখন জানানো হয়েছিল।

একই সময়ে যুক্তরাজ্যে চীনা রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা সতর্কতাও জোরদার হয়েছে। বুধবার ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে চায়না জেনারেল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ না করার বিষয়ে সতর্ক করেছে। তবে লন্ডনে চীনা দূতাবাস এই অভিযোগকে ‘কাল্পনিক ও সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

লেবারের ক্ষমতার পালাবদলঃ ‘বার্নহ্যামকে অপ্রস্তুত করতেই’ দ্রুত সরে দাঁড়ান স্টারমার!

রেকর্ড বন্যার পর যুক্তরাজ্যে তীব্র ঠান্ডাঃ তুষারপাত–বরফে নতুন ঝুঁকি

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে বেনিফিট প্রতারণা তদন্তে প্রতিবেশীদের ভূমিকা নিয়ে ডিডব্লিউপি’র স্পষ্ট ব্যাখ্যা