TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ছোট নৌকায় প্রবেশকারীদের ILR ৩০ বছরের অপেক্ষাঃ বৈধ পথে আসাদের জন্য ৫ বছর

ব্রিটেনে শরণার্থীদের স্থায়ী বসবাসের নতুন নিয়মে কাজ ও পড়াশোনায় যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ। নতুন পরিকল্পনা অনুযায়ী, নিরাপদ ও বৈধ পথে ব্রিটেনে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতি বা আইএলআরের আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ করে কাজ বা পড়াশোনায় যুক্ত কিছু শরণার্থী ১০ বছরেই স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জন করতে পারবেন।
সোমবার ব্রিটিশ পার্লামেন্টে নতুন অভিবাসন নীতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় মাহমুদ বলেন, যারা ব্রিটেনে বসবাস করছেন, তাদের সমাজের সঙ্গে একীভূত করতে কাজ ও পড়াশোনায় উৎসাহিত করা হবে। এ কারণে এসব কার্যক্রমে যুক্ত শরণার্থীরা নির্ধারিত সময়ের তুলনায় ১০ বছর আগেই স্থায়ী বসবাসের সুযোগ পাবেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শরণার্থী যদি ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ না করে থাকেন এবং কাজ বা পড়াশোনায় যুক্ত থাকেন, তাহলে তিনি ১০ বছর পর স্থায়ী বসবাসের যোগ্য হতে পারেন।
অন্যদিকে, ছোট নৌকায় করে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশকারীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে নিশ্চিত করেছেন মাহমুদ। নতুন পরিকল্পনায় নিরাপদ ও বৈধ পথে না আসা শরণার্থীদের জন্য সাধারণ অযোগ্যতার সময়সীমা ২০ বছর নির্ধারণ করা হচ্ছে। এর সঙ্গে ছোট নৌকার মতো অবৈধ পদ্ধতিতে প্রবেশের ক্ষেত্রে আরও ১০ বছর যুক্ত হবে।
মাহমুদ বলেন, প্রকৃত শরণার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথে ব্রিটেনে আসার নতুন সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে বিপজ্জনক ও অবৈধ পথে প্রবেশ নিরুৎসাহিত করতে স্থায়ী বসবাসের নিয়ম কঠোর করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নারী ও শিশুদের প্রাণহানি এবং মানবপাচারকারীদের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়টি উদ্বেগজনক। তার দাবি, অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের পর আশ্রয়প্রার্থীদের সহায়তায় ব্রিটিশ নাগরিকদের বছরে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হচ্ছে।
সরকারের নতুন পরিকল্পনায় শরণার্থীদের স্থায়ী বসবাসের সময়সীমা তাদের ব্রিটেনে প্রবেশের পদ্ধতি এবং কাজ বা পড়াশোনায় যুক্ত থাকার মতো বিষয়গুলোর ওপর নির্ভর করবে। তবে ঘোষিত নিয়মগুলো কার্যকর হলে বিভিন্ন শ্রেণির শরণার্থীদের জন্য আইএলআরের সময়সীমায় বড় ধরনের পার্থক্য তৈরি হবে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

টিউব বন্ধ, বিকল্প নেই—যানজটে থমকে লন্ডনের জীবনযাত্রা

ইস্ট লন্ডনে ১৫ তলা থেকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যুঃ নিরাপত্তা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন

গ্রীষ্মে লন্ডনের প্রাণ ফেরাতে ৫ লাখ পাউন্ডের তহবিলঃ সড়কে বাড়বে উন্মুক্ত আয়োজন

নিউজ ডেস্ক