TV3 BANGLA
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের মিশনে পদ নিয়ে অসন্তোষঃ দায়িত্ব না পেয়ে ছুটিতে যাচ্ছেন জ্যেষ্ঠ কূটনীতিক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে জ্যেষ্ঠতা ও পদমর্যাদা উপেক্ষা করে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের উপস্থায়ী স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। তাকে পাশ কাটিয়ে অপেক্ষাকৃত জুনিয়র এক নারী কূটনীতিককে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ায় পেশাগত উদ্বেগ জানিয়ে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। শুক্রবার (১৩ নভেম্বর) নিউ এজের এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান। তার পদমর্যাদা গ্রেড-১। অন্যদিকে, উপস্থায়ী প্রতিনিধি-২ সঞ্চিতা হক গ্রেড-৩-এর রাষ্ট্রদূত।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইরিন জুবাইদা খান অনুপস্থিত থাকাকালে ভারপ্রাপ্ত প্রধান বা ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে সঞ্চিতা হককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছেন ওয়াহিদুজ্জামান।

পররাষ্ট্র সচিবকে পাঠানো চিঠিতে ওয়াহিদুজ্জামান উল্লেখ করেছেন, তাকে পাশ কাটিয়ে অপেক্ষাকৃত নিম্নপদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত তার মধ্যে ‘উল্লেখযোগ্য পেশাগত উদ্বেগ’ তৈরি করেছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত সরকারি চাকরিবিধির সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে হচ্ছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে তিনি জানান, ২০২৬ সালের ১৫ জুলাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেওয়ার পর থেকে উপস্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তার পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী আগস্ট মাসে নিউইয়র্ক ছেড়ে যাওয়ার সময় তিনি ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্বও পালন করেছিলেন।

কিন্তু গত ১২ নভেম্বর বাংলাদেশের স্থায়ী মিশন থেকে অন্যান্য কূটনৈতিক মিশনে পাঠানো একটি কূটনৈতিক নোটে জানানো হয়, স্থায়ী প্রতিনিধি ইরিন খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওয়াহিদুজ্জামান ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ১০ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেছেন। একই সঙ্গে নিউইয়র্কের কর্মস্থল ত্যাগ করে অন্যত্র যাওয়ার অনুমতিও চেয়েছেন তিনি।

এ সময় স্থায়ী প্রতিনিধি ইরিন জুবাইদা খান চীনের সাংহাই সফরে থাকার কথা রয়েছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা উন্নয়নবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নেওয়ার কথা তার।

অর্থাৎ, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকার পুরো সময়টিতেই ওয়াহিদুজ্জামানের ছুটির আবেদন কার্যকর হওয়ার কথা।

নিউ এজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহিদুজ্জামান তার ছুটির আবেদনের অনুলিপি সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব।

ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য বা দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তের পক্ষে কোনো ব্যাখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্রঃ নিউ এজ

এমকে

আরো পড়ুন

১০০ টাকায় গরুর মাংসঃ সেই ভাইরাল মিজান গ্রেফতার

পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বিজ্ঞাপনী সংস্থার এমডি গাউসুল ও প্রযোজক শাহরিয়ারের সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি