TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জীবনযাত্রার মান না বাড়লে ফ্রান্সের মতো দাঙ্গার ঝুঁকিতে ব্রিটেনঃ কনজারভেটিভ লিডার

ব্রিটেনে মানুষের জীবনযাত্রার মানের অবনতি ঠেকাতে না পারলে ফ্রান্সের মতো সহিংসতা ও সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক। তার মতে, অর্থনৈতিক স্থবিরতা, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ মানুষের মধ্যে অসহায়ত্বের অনুভূতি বড় ধরনের গণবিক্ষোভের জন্ম দিতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ শিল্প ও ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ব্যাডেনক বলেন, ফ্রান্সের পরিস্থিতি থেকে ব্রিটেনের শিক্ষা নেওয়া উচিত। প্যারিসে যা ঘটছে, তা দেখলেই বোঝা যায়, কোনো সমাজ যখন ক্রমাগত দরিদ্র হয়ে পড়ে এবং পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা হারিয়ে ফেলে বলে মনে করে, তখন কী ধরনের ঝুঁকি তৈরি হয়।

সাম্প্রতিক মাসগুলোতে জীবনযাত্রার ব্যয়, সরকারি ব্যয় কমানোর প্রস্তাব এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। ব্রিটেনেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন কনজারভেটিভ নেতা।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সরকার মানুষের প্রকৃত সমস্যা সমাধানের পরিবর্তে ব্রেক্সিট নিয়ে নতুন করে বিতর্ক শুরু করতে চাইছে। অথচ জ্বালানির অতিরিক্ত দাম, উচ্চ কর, ব্যবসায়িক জটিলতা এবং কল্যাণ ভাতায় ক্রমবর্ধমান ব্যয়ই ব্রিটিশ অর্থনীতির বড় চ্যালেঞ্জ।

ব্যাডেনক বলেন, ব্রিটেনের সামনে দুটি পথ রয়েছে। একদিকে অর্থনৈতিক দুরবস্থা মেনে নিয়ে ঋণ করতে করতে দেউলিয়া হওয়ার ঝুঁকি নেওয়া, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কার করা।

তিনি আরও বলেন, উচ্চ জ্বালানি ব্যয়ের কারণে ব্রিটেনে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। কারখানা, ডেটা সেন্টার ও ভারী শিল্প পরিচালনায় বিপুল পরিমাণ জ্বালানি প্রয়োজন। কিন্তু ব্যয় বেশি হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ব্রিটেন ছেড়ে চলে যাচ্ছে।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রেজল্যুশন ফাউন্ডেশনের পূর্বাভাস উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত ব্রিটেনের কর্মক্ষম বয়সী পরিবারের গড় নিষ্পত্তিযোগ্য আয় ১ হাজার ৫০ পাউন্ড কমে যেতে পারে। বারবার কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আর্থিক চাপ আরও বাড়ছে।

ব্যাডেনক বলেন, ব্রিটেনের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হবে। জ্বালানি ব্যয় কমানো, করের বোঝা হ্রাস এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক নিয়মকানুন দূর না করলে দেশের অর্থনীতি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

এদিকে ব্রেক্সিটের অর্থনৈতিক প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের প্রধান অর্থনীতিবিদ হিউ পিল বলেছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য অত্যন্ত বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল এবং এর সম্পূর্ণ প্রভাব এখনো প্রকাশ পায়নি।

অস্ট্রিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ব্রেক্সিটের পক্ষে যেসব যুক্তি তুলে ধরা হয়েছিল, সেগুলোর মধ্যে জনতুষ্টিবাদী বক্তব্যের প্রভাব ছিল। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ও বিশ্বায়ন থেকে সমাজের উল্লেখযোগ্য একটি অংশ প্রত্যাশিত অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না—এমন ধারণা থেকেই এসব যুক্তি সামনে আনা হয়েছিল।

এর কয়েক দিন আগে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আলোচনা করতে ব্রাসেলস সফর করেন। তার প্রস্তাবিত সমঝোতার আওতায় খাদ্যপণ্যের মানদণ্ডে সমন্বয়, ইউরোপীয় ইউনিয়নের কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সংযুক্তি এবং তরুণদের জন্য চলাচল কর্মসূচি চালুর বিষয়ে সম্মতি হয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলিও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার পক্ষে মত দিয়েছেন। তার মতে, একটি উন্মুক্ত অর্থনীতি হিসেবে ব্রিটেনের মিত্র প্রয়োজন এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করা যুক্তিসংগত।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

ব্রেক্সিটে স্বস্তিতে নেই ঋষি সুনাক

জাদুঘরে রাখা নিজের হার্ট দেখতে গেলেন ব্রিটিশ নারী

নতুন প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠক, বিদ্যুৎ বিলের ভ্যাট বিতর্কে নীরব মন্ত্রীরা