TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে সহিংসতার জন্য আওয়ামী লীগ সমর্থকদের দায়ী করলেন কেরি কেনেডি

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকারকর্মী কেরি কেনেডি। সাম্প্রতিক সহিংসতায় চারজন নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি এসব ঘটনার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেছেন।

সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন শেয়ার করে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে এ উদ্বেগ জানান কেরি কেনেডি। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার নতুন ঢেউয়ের পেছনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগ সমর্থকদের ভূমিকা রয়েছে। এসব ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

কেরি কেনেডির দাবি, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়িতেও হামলা চালানো হয়েছে।

গ্রামীণ ব্যাংকের কার্যালয়গুলোতে হামলার পরিণতি তুলে ধরে তিনি লিখেছেন, এসব কার্যালয় ধ্বংসের ঘটনা লাখো দরিদ্র ও প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা এবং অর্থনৈতিক অধিকারকে হুমকির মুখে ফেলছে।

এর আগে সোমবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস এসব হামলার ঘটনা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং ব্যাংকের নিরাপত্তা জোরদার করারও দাবি জানান তিনি।

২০০৬ সালে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বর্তমানে ব্যাংকটির ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাদের ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা রয়েছে ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের হাতে।

কেরি কেনেডি আরও বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, সেখানে কোনো ধরনের সহিংসতার স্থান থাকা উচিত নয়। একটি মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সত্য, পুনর্মিলন ও ন্যায়বিচারকে ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কেরি কেনেডির নেতৃত্বাধীন মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অতীতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে গুমের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছে।

২০২১ সালের ডিসেম্বরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এর কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে তাদের বাদ দেওয়ার দাবিতেও সংস্থাটি বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রচার চালায়। একই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর র‍্যাব এবং সংস্থাটির ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্রঃ নিউইয়র্ক টাইমস, আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচ

এমকে

আরো পড়ুন

ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে কাজ করবে নয়াদিল্লি

নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

ঢাকার সিগন্যালে যুক্ত হচ্ছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি