বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটির রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। তার সফরের অনুমতি দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারের সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান এবং অন্যান্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাঁচ দিনের সফরে শফিকুর রহমান সিডনিতে পৌঁছেছেন। বুধবার তার অস্ট্রেলিয়া ছাড়ার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
তার সফরসূচিতে সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয় রয়েছে।
শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সমালোচকেরা। তাদের মধ্যে রয়েছেন সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। রেমন্ড সালোমন দেশটির অভিবাসন আইনের আওতায় এ বিষয়ে একটি আবেদনও জমা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সমালোচকদের বক্তব্য, বিতর্কিত অতীত বা কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা দেওয়ার আগে যাচাই-বাছাই জোরদার করার বিষয়ে টনি বার্ক সম্প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছেন, শফিকুর রহমানের সফরের অনুমতি সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তারা ভিসা প্রদানের ক্ষেত্রে ব্যক্তির চরিত্র যাচাই এবং সামাজিক সম্প্রীতি রক্ষার নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছেন।
শফিকুর রহমানের অতীতের কয়েকটি বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের অভিযোগ, তিনি হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে সিনওয়ার সম্পর্কে তার এমন মন্তব্যের বিষয়টি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে।
এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করার অভিযোগও সামনে এনেছেন সমালোচকেরা। নারীদের ঘরের বাইরে কাজ করা নিয়ে তার অতীতের বক্তব্য এবং একজন নারী জামায়াতের নেতৃত্ব দিতে পারবেন না—এমন মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এসব অভিযোগের ভিত্তিতে সমালোচকেরা মনে করছেন, শফিকুর রহমানের সফর অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি ও অভিবাসননীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন তৈরি করেছে।
সূত্রঃ দ্য অস্ট্রেলিয়ান, টিবি নিউজ, ডেইলি মেইল
এমকে

