TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের বাস-ট্রেনে মোবাইলে উচ্চ শব্দে গান বাজালে জরিমানার বিধান

লন্ডনের বাস, ট্রেন ও আন্ডারগ্রাউন্ডে (টিউব) মোবাইল ফোনের লাউডস্পিকার ব্যবহার করে উচ্চ শব্দে গান, ভিডিও বা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট চালানোর বিরুদ্ধে কঠোর হওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বাসে উচ্চ শব্দে গান বাজালে সর্বোচ্চ ১০০ পাউন্ড জরিমানার বিধান আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। তবে বিদ্যমান আইন থাকা সত্ত্বেও গণপরিবহনে এই নিয়ম কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবিসির লন্ডন সংবাদদাতা লাক্সমি গোপালের প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিবহনে মোবাইল ফোনের উচ্চ শব্দে কনটেন্ট চালানোর বিষয়টি ‘লাউডকাস্টিং’ নামে পরিচিত। এ ধরনের আচরণে অধিকাংশ যাত্রী বিরক্ত বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। অফকম, ইউগভ এবং ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)—তিনটি সংস্থার জরিপেই যাত্রীদের মধ্যে এর প্রতি ব্যাপক অসন্তোষের চিত্র পাওয়া গেছে।

একজন ১৮ বছর বয়সী যাত্রী বিবিসিকে বলেন, দীর্ঘ কর্মদিবস শেষে লন্ডনের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে ট্রেনে বাড়ি ফেরার সময় অন্য যাত্রীদের মোবাইল ফোনে টিকটক বা স্পটিফাইয়ের গান উচ্চ শব্দে শুনতে বাধ্য হওয়া অত্যন্ত বিরক্তিকর। তার ভাষায়, এটি অন্য যাত্রীদের প্রতি অসম্মানজনক। প্রয়োজনে তিনি বিরক্তিকর যাত্রীদের হেডফোন কিনে দিতেও রাজি।

টিএফএল তাদের ‘ট্রাভেল কাইন্ড’ প্রচারণার অংশ হিসেবে লন্ডনের পরিবহন নেটওয়ার্কের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে। এতে যাত্রীদের মোবাইল ফোনে কনটেন্ট শোনার সময় হেডফোন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

তবে ট্রেনে ও লন্ডন আন্ডারগ্রাউন্ডে উচ্চ শব্দে গান বাজানোর বিরুদ্ধে ২০০৫ সাল থেকেই আইন রয়েছে। এই আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে। কিন্তু আইন থাকলেও নিয়ম ভাঙলে তা কার্যকর করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

টিএফএলের পরিবহন সহায়তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা (টিএসইও) গণপরিবহনে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। তাদের কাজের মধ্যে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ, স্টেশনে প্রবেশ ও বের হওয়ার নিয়ম মানানো, ভাড়া পরিশোধ নিশ্চিত করা এবং মদ্যপানসহ বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রয়েছে।

সাবরিনা নামের এক নারী কর্মকর্তা বিবিসিকে জানান, ব্যস্ত দিনে তাকে বিভিন্ন মাত্রার প্রায় ৩০টি ঘটনার মোকাবিলা করতে হতে পারে। ফলে মোবাইলে উচ্চ শব্দে গান বা ভিডিও চালানোর অভিযোগ সামলানো তাদের দায়িত্বের খুবই ছোট একটি অংশ।

বিবিসির সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা টটেনহ্যাম কোর্ট রোড স্টেশনে এক যাত্রীর অশোভন আচরণ ও মেঝে নোংরা করার ঘটনার খবর পান। ওই ব্যক্তি ততক্ষণে চলে গেলেও কর্মকর্তা তার শারীরিক বর্ণনা সংগ্রহের চেষ্টা করেন। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

গণপরিবহনে উচ্চ শব্দে কনটেন্ট চালানো যাত্রীদের মুখোমুখি হওয়া নিয়েও নিরাপত্তার উদ্বেগ রয়েছে। বিবিসির সঙ্গে কথা বলা অনেক যাত্রী জানিয়েছেন, তারা এ ধরনের কাউকে সরাসরি বাধা দিতে চান না। এক তরুণী বলেন, প্রতিবাদ করতে গেলে ছুরিকাঘাতের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এক বয়স্ক নারী জানান, টিউবে কয়েকজন তরুণকে গান বন্ধ করতে বলার পর তারা তাকে গালিগালাজ করেন। অন্য যাত্রীরা তার পক্ষে দাঁড়ালেও ভবিষ্যতে তিনি আর এমন পরিস্থিতিতে জড়াতে চান না।

টিএসইও কর্মকর্তা রিভার যাত্রীদের নিরাপদ পরিস্থিতিতে অন্যদের সচেতন করার পরামর্শ দিয়েছেন। তবে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হলে সরাসরি প্রতিবাদ না করে অভিযোগ জানানোর কথা বলেছেন তিনি। এ ক্ষেত্রে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের কাছে টেক্সট বার্তা পাঠানো, ট্রেন থেকে নামার পর স্টেশন কর্মীদের জানানো কিংবা বাসে থাকলে প্রথমে চালককে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, বাসচালকদের এসব নিয়ম প্রয়োগের দায়িত্ব দেওয়া হবে না। টিএফএলের পরিবহন সহায়তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং পুলিশসহ অনুমোদিত কর্মকর্তারাই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবেন।

তবে যাত্রীদের কেউ কেউ অভিযোগ জানিয়েছেন, অনেক সময় স্টেশনে প্রয়োজনীয় কর্মী পাওয়া যায় না। ফলে অভিযোগ জানানো বা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। তাদের মতে, জরিমানা করার পরিকল্পনা ভালো হলেও বাস্তবে তা কার্যকর করার মতো জনবল ও ব্যবস্থা থাকতে হবে।

টিএফএল জানিয়েছে, পরিবহন সহায়তা ও আইন প্রয়োগকারী কর্মকর্তার সংখ্যা প্রায় ৫০০ থেকে ১০ শতাংশ বাড়িয়ে ৫৫০ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩৬ জন কর্মকর্তা রাতের পালায় দায়িত্ব পালন করবেন।

তবে জরিমানার পরিসংখ্যান দেখাচ্ছে, আইন প্রয়োগের ক্ষেত্রে বাস্তবতা এখনো সীমিত। তথ্য অধিকার আইনে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মোবাইলে উচ্চ শব্দে কনটেন্ট চালানোর অভিযোগে যাত্রীদের বিরুদ্ধে মাত্র তিনটি জরিমানা করা হয়েছে। এসব জরিমানার মোট পরিমাণ ছিল ৭০৫ পাউন্ড।

টিএসইও কর্মকর্তা সাবরিনা বলেন, অধিকাংশ যাত্রীকে অনুরোধ করলেই তারা উচ্চ শব্দে কনটেন্ট চালানো বন্ধ করেন। সাধারণত অল্প সময়ের কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যায়।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

ব্রিটিশদের ৭৫ শতাংশ চান ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কঃ ফ্রি মুভমেন্ট মেনে নিতেও রাজি সংখ্যাগরিষ্ঠ

রাশিয়ার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

তিন ব্রিটিশ বিমানবন্দরে বড় সাইবার হামলাঃ ৮৭ লাখ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে